রোজদিন ডেস্ক : প্রায় ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর একই গাছ থেকে দুই বন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত্যুর কারণ, খুন না আত্মহত্যা, নাকি ত্রিকোণ প্রেম, নাকি অন্য কিছু, ঘনাচ্ছে রহস্য। দুই বন্ধুর একই সঙ্গে মৃত্যু নিয়ে ধোঁয়াশায় পুলিশও। সরস্বতী পুজোর সকাল থেকে নিখোঁজ ছিল দু’জনই। এরপর শনিবার মিলল জোড়া দেহ। দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়ার ঘটনা। পুলিশ সুত্রে জানা গিয়েছে, বছর ১৯- এর একাদশ শ্রেণির ছাত্র মৃত রাকিবুল মণ্ডলের বাড়ি স্বরূপনগরের গোবিন্দপুর এলাকায়। বছর একুশের রাজ ভদ্র দুজনই শুক্রবার থেকে নিখোঁজ ছিল। শনিবার সকালে চাষিরা মাঠে এসে দেখতে পায় মাঠের মাঝখানের একটি আমগাছে দু’জনের ঝুলন্ত দেহ। স্বরূপনগর থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে তাঁদের সাইকেলটি মিলেছে। কী কারণে এই মৃত্যু তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের দাবি ময়নাতদন্তের পরেই জানা যাবে, এটি আত্মহত্যা না খুন।

Be the first to comment