খড়্গপুরের গ্লিসারিন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! মৃত ১ শ্রমিক

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- গ্লিসারিন কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু হলো ১ শ্রমিকের। আতঙ্কিত কারখানার অন্যান্য শ্রমিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে খড়্গপুর গ্রামীণের হরিয়াতাড়া এলাকায় অবস্থিত একটি তরল গ্লিসারিনের কারখানায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম মনোজিৎ কুমার। বছর ২৫-এর ওই শ্রমিকের বাড়ি বিহারে। ঘটনার পরেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। দ্রুত এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই গ্লিসারিন কারখানার সুবিশাল গ্লিসারিন চেম্বারের ঢাকনার উপরে বসে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন এক শ্রমিক। নীচে দাঁড়িয়েছিলেন আরও কয়েকজন। হঠাৎই ওই গ্লিসারিন চেম্বারে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঢাকনা সমেত ওই শ্রমিককে কারখানার বাইরে প্রায় ১০০ মিটার দূরে গিয়ে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় কারখানার মধ্যে। বিস্ফোরণের শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পৌঁছয় খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ এবং দমকল বাহিনী।
পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে খড়্গপুর মহকুমা হাসপাতালে। ওই শ্রমিকের বাড়িতেও খবর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*