রোজদিন ডেস্ক, কলকাতা:- সৃঞ্জয় বসু দায়িত্ব নেওয়ার পর এদিন হল নতুন কর্মসমিতির প্রথম বৈঠক। আর সেখানেই ঘোষণা হল ক্লাবের নতুন সভাপতি ও সহ-সভাপতির নাম।
সোমাবার দুপুরে মোহনবাগান ক্লাবে অনুষ্ঠিত হয় কর্মসমিতির বৈঠক। বৈঠক থেকে মোহনবাগান সভাপতি হিসাবে দেবাশিস দত্তর নাম ঘোষণা করেন সৃঞ্জয় বসু।আর সভাপতি হিসাবে দেবাশিস দত্তর নাম মেনে নেন উপস্থিত সকল সদস্যই।
পাশাপাশি একই বৈঠক থেকে মনোনীত করা হয়েছ সহ-সভাপতিদেরও। বাগানের সহ-সভাপতি পদে এবার দেখা যাবে সৌমিক বোস, মানস ভট্টাচার্য, উত্তমকুমার সাহা, কুণাল ঘোষ ও দেবাশিস মিত্রকে। পাশাপাশি এদিনের বৈঠকে জানানো হয়েছে প্রাক্তন সভাপতি টুটু বসুকে কোন পদ দেওয়া হবে, সেই নিয়ে আলোচনা পরে হবে।
এদিনের বৈঠকে সৃঞ্জয় বলেছেন, “দেবাশিস দত্তকে সভাপতি হিসাবে মনোনীত করা হয়েছে। এবার আমরা দলকে আরও সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব। আমরা চাই ক্লাব আরও ট্রফি জিতুক।” তবে মোহনবাগানের নতুন সচিবের মুখ থেকে আক্ষেপের সুরও শোনা গিয়েছে। সৃঞ্জয় বলেন, এখনও ইস্টবেঙ্গলের পক্ষ থেকে কোনও শুভেচ্ছা বার্তা পাননি তিনি।

Be the first to comment