রোজদিন ডেস্ক : শুক্রবারের পর শনিবার রাজ্য পুলিশের শীর্ষস্তরে ফের রদবদল হল। একসঙ্গে ২৭ জন আইপিএস আধিকারিককে বদলি করা হল। শনিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। এই রদবদলের ফলে একাধিক গুরুত্বপূর্ণ রেঞ্জ, পুলিশ কমিশনারেট, জেলা পুলিশ ও বিশেষ শাখায় দায়িত্বের অদলবদল হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগিকে আইজিপি বারাসত রেঞ্জে পাঠানো হয়েছে। ট্রাফিক বিভাগের ডিআইজি আলোক রাজোরিয়াকে ডিআইজি বর্ধমান রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে। দেবর্ষি দত্তকে সিআইডি থেকে সরিয়ে শিয়ালদহে এসআরপি পদে পাঠানো হয়েছে। বনগাঁ পুলিশ জেলার সুপার দীনেশ কুমারকে কলকাতা পুলিশের উত্তর ডিভিশনের ডিসি পদে আনা হয়েছে। দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীন প্রকাশ যাচ্ছেন স্যাপ ৬ নং ব্যাটালিয়নে। ধৃতিমান সরকারকে মুর্শিদাবাদের এসপি করা হয়েছে। কুমার সানি রাজকে মুর্শিদাবাদ থেকে আইবিতে পাঠানো হয়েছে। একযোগে এতজন আইপিএস আধিকারিকের বদলিকে প্রশাসনিক মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে, বিশেষ করে আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজ্য পুলিশের নেতৃত্ব ও দায়িত্ব বণ্টনে এই রদবদল গুরুত্বপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্টমহল।

Be the first to comment