রমিত সরকার, নদিয়া : টিউশন পড়ে বাড়ি ফেরার পথে এক নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করার অভিযোগে ৬০ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গাংনাপুর থানার পুলিশ। ঘটনাটি শনিবার সকাল আনুমানিক দশটা নাগাদ নদিয়া জেলার গাংনাপুর থানার অন্তর্গত একটি এলাকায় ঘটে।
অভিযোগ অনুযায়ী, টিউশন শেষ করে বাড়ি ফেরার সময় অভিযুক্ত অজিত বিশ্বাস নাবালিকাকে ডেকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক তার শরীরের বিভিন্ন অংশে অশালীনভাবে হাত দেওয়া হয় বলে অভিযোগ। আচমকা এমন ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়ে শিশুটি এবং চিৎকার শুরু করে।

নাবালিকার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে গাংনাপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে নাবালিকা নির্যাতন সংক্রান্ত ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার তাকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হবে।
ঘটনার খবর পেয়ে রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ক অসীম কুমার বিশ্বাস গাংনাপুর থানায় উপস্থিত হন। তিনি বলেন, “রাজ্যে মহিলারা এবং নাবালিকারা কোথাও নিরাপদ নন। এই ধরনের ঘটনার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।” তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।
এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
ছবি : কাজল বসাক

Be the first to comment