রোজদিন ডেস্ক : বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নদিয়ায়। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই গোটা জেলা জুড়ে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি। প্রশাসনের দাবি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই এই বিশেষ তল্লাশি ও অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার তাহেরপুর থানার পুলিশ কালীনারায়নপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা অমিত মোদকের বাড়িতে দীর্ঘদিন ধরেই আগ্নেয়াস্ত্র মজুত থাকার সন্দেহ ছিল। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল তার বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, আট রাউন্ড কার্তুজ এবং আরও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র।

অভিযান শেষে ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে নদিয়ার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শুধু ব্যক্তিগত কারণে নয়, এর পেছনে বড় কোনো চক্রান্ত থাকতে পারে। তবে ঠিক কী উদ্দেশ্যে এই অস্ত্র মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে বিস্তারিত তদন্ত। পুলিশের দাবি নির্বাচনকে সামনে রেখে জেলার বিভিন্ন প্রান্তে লাগাতার তল্লাশি চালানো হচ্ছে। ইতিমধ্যেই একাধিক জায়গা থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, উদ্ধার হয়েছে। প্রশাসনের মতে, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও জোর দেওয়া হবে আগামী দিনগুলিতে। তাহেরপুর থানার বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিক জয় দাসের নেতৃত্বে গোটা থানা এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিদের উপর বিশেষ নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে হানা দেওয়া হচ্ছে বিভিন্ন স্থানে। পুলিশের দাবি, নির্বাচন ঘিরে যাতে কোনো অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে দিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশাসনের স্পষ্ট বার্তা, আইন ভাঙার চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচনকে ঘিরে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
ছবি: কাজল বসাক

Be the first to comment