রোজদিন ডেস্ক : কলকাতা ও হাওড়া শহরের পরিকাঠামো উন্নয়ন-সহ রাজ্যে শিল্পায়ন ও আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে আর্থিক ও কারিগরি সহায়তার প্রস্তাব দিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা এডিবি। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এডিবি-র উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক হয়। সেই বৈঠকেই রাজ্যের শিল্প, নগরোন্নয়ন এবং গণপরিবহণ ব্যবস্থার উন্নতি নিয়ে আলোচনা হয়।
প্রশাসনিক সূত্রে খবর, কলকাতা এবং হাওড়ার নগরোন্নয়ন নিয়েও আগ্রহ দেখিয়েছে এডিবি। ইতিমধ্যেই কলকাতার পরিকাঠামো উন্নয়নের বিভিন্ন প্রকল্পে যুক্ত রয়েছে তারা। কলকাতার পাশাপাশি হাওড়াকেও আরও আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অংশ নিতে আগ্রহ প্রকাশ করল এডিবি। হাওড়া শহরের রাস্তাঘাট ও গণপরিবহণের উন্নয়ন নিয়ে আলোচনা হয় বৈঠকে। এর পাশাপাশি ‘সিটি ইকোনমিক রিজিয়ন’ মডেল অনুসরণ করে পশ্চিমবঙ্গে একাধিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার বিষয়টি বৈঠকে গুরুত্ব পেয়েছে। এডিবি-র তরফে দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উলুবেড়িয়া এবং ডানকুনিকে সংযুক্ত করে একটি বৃহৎ শিল্প ও লজিস্টিক করিডর গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। এই অঞ্চলে ইঞ্জিনিয়ারিং, বস্ত্র, ইলেকট্রনিক্স এবং লজিস্টিক্স ক্লাস্টার তৈরির পরিকল্পনা রয়েছে। আর উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারকে কেন্দ্র করে তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা এবং পর্যটনভিত্তিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে। প্রশাসনিক মহলের দাবি, অত্যন্ত ইতিবাচক পরিবেশে বৈঠক হয়েছে এবং এডিবি-র প্রস্তাবগুলি নিয়ে রাজ্য সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে চলেছে।

Be the first to comment