প্রতিবেদন: তৃণমূল কংগ্রেস নাম ও দলের প্রতীক ঘাসের ওপর জোড়াফুল কাদের হাতে যাবে? এই সিদ্ধান্ত এখনও ঝুলে রয়েছে। এর ফয়সালা করতে ফের সক্রিয় হল নির্বাচন কমিশন (Election Commission)। আগামী ৩০ অক্টোবর দিল্লিতে তৃণমূলের দুই বিবদমান পক্ষ মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ও গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে একসঙ্গে যৌথ শুনানির জন্য তলব করা হয়েছে। তার আগে ২৬ অক্টোবরের মধ্যে উভয় পক্ষকে প্রয়োজনীয় হলফনামা ও নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। হলফনামা জমা পড়ার পর তা খতিয়ে দেখে ৩০ অক্টোবর দুই পক্ষের বক্তব্য শুনবে কমিশন। দলের নাম ও প্রতীক নিয়ে টানাপোড়েনের মধ্যে এই শুনানিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবিরের ১০ বিধায়কের সদস্যপদ খারিজের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মমতা শিবিরের শোভনদেব চট্টোপাধ্যায়। অভিযোগ, বিধানসভার অধ্যক্ষ নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না এবং সাম্প্রতিক সিদ্ধান্তেও সেই পক্ষপাতিত্বের প্রতিফলন ঘটেছে। চলতি সপ্তাহে মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে।

Be the first to comment