প্রতিবেদন : অবৈধ এসআইআরের মুখ্য কারিগর জ্ঞানেশ কুমারের অপসারণ ও গ্রেফতারের দাবিতে আগামী রবিবার ১ নভেন্বর দিল্লির রামলীলা ময়দানে জমায়েতের ডাক দিয়েছে ইন্ডিয়া জোট। রাহুল গান্ধি-সহ জোটের শীর্ষ নেতাদের পাশাপাশি উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যও রাখবেন। বিরোধী জোটের অভিযোগ, বিজেপির হয়ে কার্যত একপেশে ভাবে নির্বাচন পরিচালনা করেছে কমিশন। আর এই ঘটনার নাটের গুরু জ্ঞানেশ কুমার। তাই জ্ঞানেশ অপসারণের দাবি ক্রমশ জোরালো হচ্ছে। ভোটচুরির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের আন্দোলনে সক্রিয় ভূমিকায় রয়েছেন তৃণমূল নেত্রী। এবার রামলীলা ময়দানে সরব হবেন নেত্রী। তার আগে বৃহস্পতিবার সমাজমাধ্যমে নেত্রী নিখেছেন, ১ নভেম্বর, রবিবার, রামলীলা ময়দানে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে ইন্ডিয়া জোট। ভোট চুরির বিরুদ্ধে এই লড়াই হল প্রতিটি ভারতীয়ের অধিকার রক্ষার লড়াই। বাংলা এবং অন্যান্য রাজ্য জুড়ে হওয়া এই ভোট-লুটের জবাব চাই, কোনও নীরবতা নয়!
যখন কাঠগড়ায় ইভিএম, ভোটারদের তথ্য প্রশ্নের মুখে, ভোটার তালিকা নিয়ে রয়েছে সন্দেহ, ভোট গণনাও চ্যালেঞ্জের মুখে, তখন ছাত্র-ছাত্রী, যুবসমাজ, নারী, শ্রমিক এবং সুশীল সমাজকে লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন নেত্রী। তিনি লিখেছেন, যখন ভোট বিপন্ন, তখন নীরব থাকা কোনও বিকল্প হতে পারে না। আসুন, আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে এবং সংবিধানকে বাঁচাতে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই।
এই অবস্থায় রামলীলা ময়দানের দিকে ডাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। আগামীদিনে এই আন্দোলন কোন দিকে যাবে তার কোনও আভাসও মিলতে পারে ওই মঞ্চ থেকে। এদিকে আজ শুক্রবার দিল্লিতে নকল সংসদ বসিয়ে জ্ঞানেশ কুমারকে প্রতীকী তিরস্কারের কর্মসূচি রয়েছে ইন্ডিয়া জোটের। জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে আয়োজিত এই কর্মসূচি র নাম বদলে একে ‘জনতার তিরস্কার’ বলা হচ্ছে। এই কর্মসূচি নিয়ে ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা বৃহস্পতিবার বৈঠক করেন। শুক্রবার বিকেল তিনটেয় এই কর্মসূচি শুরু হয়ে সাতটা পর্যন্ত চলবে। জোটের ১৯ টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এতে অংশ নেবেন।

Be the first to comment