আইপ্যাক, শীর্ষ আদালতকে বিভ্রান্ত করছে ইডি, অভিযোগ অভিষেক ব্যানার্জির

Spread the love

রোজদিন ডেস্ক : আইপ্যাকে তাদের তল্লাশি নিয়ে ইডি শীর্ষ আদালতকে বিভ্রান্ত করছে বলে টিএমসি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি অভিযোগ করেছেন। কয়লা দুর্নীতি নিয়ে তাঁরা আইপ্যাকের কর্ণধারের বাড়ি গেছিলেন বলে ইডি র বক্তব্য খারিজ করেন তিনি। জোরের সঙ্গে বলেন, ইডি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শীর্ষ আদালতে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে, সত্য প্রকাশ পাবেই।
অভিষেক ব্যানার্জি বলেন, ৮ জানুয়ারি কি কারণে ইডি গেছিল, আগামী দিনে তার আসল বিষয়গুলি আদালতে পেশ করা হবে, তখন আদালত সিদ্ধান্ত নেবে। এই নিয়ে শুনানি চলছে, আইনি লড়াই চলবে। কেন ইডি আইপ্যাকের সল্ট লেকের অফিসে গেছিল, প্রশ্ন তোলেন তিনি। বলেন, এই সংস্থা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কৌশলের সঙ্গে যুক্ত, প্রতীক জৈন এই বেসরকারি সংস্থার অধিকর্তা, তাঁর বাড়িই বা ইডি গেছিল কেন তিনি জানতে চান।
উল্লেখ্য, বৃহস্পতিবার ইডি শীর্ষ আদালতে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাঁদের নথিপত্র চুরির অভিযোগ এনেছে। ইডি ও রাজ্য সরকারের আইনজীবীদের সওয়াল শুনে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছেন শীর্ষ আদালতের বিচারপতিরা। তাঁরা ইডি-র বিরুদ্ধে পুলিশের চারটি এফআইআরেই স্থগিতাদেশ দিয়েছেন। ইডি-র আইনজীবীর বক্তব্য শুনে একে ব্যতিক্রমী ঘটনা মনে করেছেন। এবং এই ধরনের ঘটনা (ইডি-র কাজ, তল্লাশিতে বাধাদান) সারা দেশে আইনশৃঙ্খলা সমস্যা, অরাজকতার সৃষ্টি করতে পারে বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। কোন রাজনৈতিক দলের বিষয়ে ইডি হস্তক্ষেপ করতে পারে না জানিয়ে বিচারপতিরা বলেন, কিন্ত নির্দিষ্ট তথ্য নিয়ে কেন্দ্রীয় সংস্থা তল্লাশি, তদন্ত করতে গেলে বাধা দেওয়া সমীচীন না।
শীর্ষ আদালতের এই সব পর্যবেক্ষণে রীতিমত অস্বস্তিতে রাজ্য সরকার, শাসক দল।
সন্ধ্যায় দলের শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জি এই ড্যামেজ কন্ট্রোলে নেমে ইডি-কে একের পর এক তোপ দাগেন। বলেন, কেন তাঁরা এই রাজ্যে শুধু আইপ্যাকের ওখানে গেছিলেন?
এই তল্লাশি নিয়ে তাঁদের কাছে অনেক তথ্য আছে জানিয়ে বলেন,তাঁরা যদি ইডি-র বিরুদ্ধে মানহানির মামলা করেন, ইডি পালানোর পথ খুঁজে পাবে না।
ইডি-র পেশ করা পঞ্চনামা -কে তীব্র আক্রমণ করে অভিষেক ব্যানার্জি বলেন, তল্লাশি অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রী কোন নথি নিয়ে এসেছিলেন কিনা তা যাচাই হোক। কেন উচ্চ আদালতে যাওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে ইডি শীর্ষ আদালতে গেল তিনি প্রশ্ন তোলেন।
উল্লেখ্য, ইডি শীর্ষ আদালতে এই সব ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে, এবং তা এই রাজ্যের বাইরে হওয়ারও আবেদন করেছে।
রাজ্যের সঙ্গে ইডি-র সংঘাত কোন দিকে যায় সব মহল এখন সেদিকে তাকিয়ে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*