রোজদিন ডেস্ক, কলকাতা:- গত তিন দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের স্বামী নির্মল কুমার। আজকের ৯৬ বছর বয়সের বর্ষীয়ান অভিনেতা নির্মল কুমার একসময় ৬০- এর দশকের বাংলা চলচ্চিত্রে বিখ্যাত অভিনেতাদের মধ্যে এক উজ্জ্বল মুখ ছিলেন। তাঁকে মনকাড়া একের পর এক ছবির চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তিনি নায়ক হিসাবেও জনপ্রিয়তা অর্জন করেছিলেন। খুব সাদামাটা চরিত্রেই চিরকাল অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। যদিও বর্তমানে তিনি অভিনয় জগত থেকে সম্পূর্ণ ভাবেই দূরে রয়েছেন।
সংবাদ মাধ্যমে অভিনেতার মেয়ে মিমি ভট্টাচার্য তাঁর বাবার শারীরিক অসুস্থতা নিয়ে বলেন, ‘বাবার এখন ৯৬ বছর বয়স। খুব স্বাভাবিকভাবেই এখন অনেক ধরনের সমস্যা দেখা দেয় শরীরে। বাবার পায়ে সেলুলাইটিস থেকে সংক্রমণ ছড়িয়েছিল, তাই হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল বাবাকে। যদিও এখন অনেকটাই সুস্থ আছেন বাবা। তবে বাবার সুগারের সমস্যা নেই বলে ভয়ের কিছু কারণ নেই বলে জানিয়েছেন ডাক্তাররা। আপাতত চিকিৎসাধীন থাকবেন বাবা, সংক্রমণ পুরোপুরি কেটে গেলে বাবাকে ছেড়ে দেওয়া হবে।’

Be the first to comment