রোজদিন ডেস্ক : মাঝ আকাশে বোমাতঙ্কর জেরে দিল্লি থেকে বাগডোগরাগামী বিমানের জরুরি অবতরণ হল লক্ষ্ণৌ বিমানবন্দরে। এই ঘটনায় তীব্র আতঙ্ক দেখা দেয় বিমানের যাত্রীরা সহ-চালক, বিমান সেবিকা মহলেও। সূত্রের খবর, শৌচাগারে একটি টিসু পেপারে এই বিমানে বোমা আছে লেখা নোট দেখে আতঙ্কিত হন কর্তব্যরত বিমানসেবিকা। চালককে তা জানালে তিনি কোন ঝুঁকি না নিয়ে নিকটবর্তী লক্ষ্ণৌ বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ করেন। সেখানে সিআইএসএফ সহ নিরাপত্তা বাহিনী তন্ন তন্ন তল্লাশি চালিয়েও কিছু পায়নি। ইন্ডিগো বিমানের এই ঘটনায় যাত্রী মহলে চাঞ্চল্য দেখা দেয়।
এর ফলে বিমান ঘন্টাখানেক দেরিতে গন্তব্যে পৌঁছয়।
বিমানবন্দর কর্তৃপক্ষর অনুমান, বিমানে থাকা কোন যাত্রীই এই নোট রেখেছিলেন। যদিও তাঁকে চিহ্নিত করা যায়নি। চেষ্টা চলছে।
২৩৮ জন যাত্রী নিয়ে দিল্লি থেকে ইন্ডিগোর এই বিমান বাগডোগরা আসছিল। উত্তর পূর্ব ভারতের সিংহদুয়ার এই এলাকা স্পর্শকাতর হওয়ায় বিমান চালকও কর্তৃপক্ষ কোন ঝুঁকি নেননি বলে জানা গেছে।

Be the first to comment