রোজদিন ডেস্ক : প্রতিবেশী ঝাড়খণ্ডে বরযাত্রী বোঝাই বাস উল্টে ৫ মহিলা সহ ৯ জন প্রাণ হারালেন। আহত ৮০ জনের বেশি। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। বিয়ে বাড়ির আনন্দ পরিণত হয়েছে চরম বিষাদে। রবিবার লাতেহারের ওরসা বাংলাদারা উপত্যকা অঞ্চলে এই ভয়াবহ দুর্ঘটনা হয়৷ একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ছত্তিসগড়ের বলরামপুর থেকে বাসটি আসছিল। ওরসা বাংলাদারায় তা আচমকা উলটে যায়৷ ৫ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের কাজ করে। হাসপাতালে আহত আরও ৪ জনের মৃত্যু হয়। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। আহতদের চিকিৎসার জন্য লাতেহারের ডেপুটি কমিশনারকে তিনি দায়িত্ব দিয়েছেন।
বাসের চালক জানিয়েছেন, ব্রেক ফেল করে এই দুর্ঘটনা। তিনি হ্যান্ডব্রেক ব্যবহার করে, ইঞ্জিন বন্ধ করে বাস থামাবার চেষ্টা করেও ব্যর্থ হন। বাস উলটে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। বাসে ৯০ জন মত যাত্রী ছিলেন।
স্থানীয় মহকুমা শাসক বিপিন দুবে জানান, আহতদের মধ্যে ৩২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের রাঁচির হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
নিহত, আহতদের পরিজনদের হাহাকারে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।

Be the first to comment