রোজদিন ডেস্ক : এসআইআরের শুনানিতে ডাক এবং হেনস্তা, এই নিয়ে রাজ্যে বিক্ষোভ ক্রমশ বাড়ছে। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় যা হল তা সব কিছুকে ছাপিয়ে গেল। অগ্নিগর্ভ হয়ে উঠেছিল গোটা এলাকা। বিক্ষোভে, অগ্নিকাণ্ড, বাদ গেল না কিছুই। বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দিল বিডিও অফিসে। ঘটনার পর ইসলামপুর-সহ সব থানায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। এরই মধ্যে চাকুলিয়ার এই নজিরবিহীন ঘটনা নিয়ে কমিশনের সিইও দফতরে রিপোর্ট জমা দিল পুলিশ। এসআইআরের শুনানিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নেয় উত্তর দিনাজপুরের চাকুলিয়া। শুনানিতে হেনস্থার প্রতিবাদে বিডিও অফিস নির্বিচারে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় জনতা। রেহাই পায়নি পুলিশও। তাঁদের উপরেও হামলা চালায় উত্তেজিত জনতা। পুলিশের বলছে, ওইদিন সকাল ৯টা নাগাদ কিছু মানুষ শুনানি নিয়ে বিডিও অফিসের আশেপাশে রাস্তায় অবরোধ করে। খবর পেয়ে চাকুলিয়া থানার আইসি অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করেন। তখনই কয়েকজন জোর করে বিডিও অফিসে ঢোকার চেষ্টা করে। পুলিশ বাধা দিতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। অভিযোগ, উত্তেজিত জনতা বিডিও অফিসের তালা ভেঙে ঢুকে অফিসের চেয়ার, টেবিল, কম্পিউটার ভাঙচুর করে। সরকারি নথিপত্রে আগুন ধরিয়ে দেয়।

Be the first to comment