রোজদিন ডেস্ক : একশো দিনের কাজ বা মনরেগার বকেয়া টাকা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতের মধ্যেই এই ইস্যুতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও বাংলার প্রাপ্য বকেয়া মনরেগার টাকা না মেলায় মামলা দায়ের করেছিল রাজ্য। বুধবার তার শুনানিতেই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল তাঁর পর্যবেক্ষণে বলেন, গরিব মানুষই একশো দিনের কাজ করেন, সেই টাকা তাঁদের হাতে পৌঁছনো জরুরি। ওই টাকা আটকে রাখা কোনওভাবেই যুক্তিযুক্ত নয়। তাই টাকার ব্যবস্থা করাই আমাদের লক্ষ্য। গত বছর অক্টোবরে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, বাংলার সমস্ত বকেয়া একশো দিনের টাকা কেন্দ্রকে মিটিয়ে দিতেই হবে। তা সত্ত্বেও এখনও রাজ্যের অভিযোগ, কেন্দ্র ইচ্ছাকৃতভাবে ওই প্রকল্পের টাকা আটকে রেখেছে। এই অভিযোগ নিয়েই ফের কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার। শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দ্রুত বকেয়া টাকা ছাড়ার দাবি জানান। তাঁর বক্তব্য, গরিব শ্রমিকদের প্রাপ্য টাকা দীর্ঘদিন ধরে আটকে রাখা হচ্ছে। কেন্দ্রের আইনজীবী বলেন, ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ ছিল ওই প্রকল্পে দুর্নীতি হয়েছে। দোষীদের শাস্তি ও তদন্ত করতে হবে। আর গোটা দুর্নীতির সঙ্গে যে রাজ্য প্রশাসনও জড়িত সেটা প্রমাণিত। সব শোনার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় এই সংক্রান্ত আদালত অবমাননা ও অন্য আরেকটি মামলা একই সঙ্গে শোনা হবে। পরবর্তী শুনানি ১৭ ফ্রেব্রুয়ারি।

Be the first to comment