রোজদিন ডেস্ক : কংগ্রেস-সহ বিরোধী পক্ষের তুমুল হট্টগোলে আজকের মত মুলতবি হয়ে গেল লোকসভা। ফলত রাষ্ট্রপতির ভাষণের ওপর আজ প্রধানমন্ত্রীর জবাবি বক্তব্য ও হয়নি। যা নজিরবিহীন বলে অভিজ্ঞ মহল মনে করেন। আগামীকাল সকাল ১১টা অবধি অধিবেশন মুলতবি হয়ে যায়। প্রধানমন্ত্রী আগামীকাল বক্তব্য রাখবেন কিনা তা এখনও জানা যায়নি।
আজ সকালে অধিবেশন শুরুর থেকেই একাধিক বিষয়ে উত্তপ্ত ছিল। দফায় দফায় তা মুলতবি হয়ে যায়। বিকেল পাঁচটায় অধিবেশন বসলে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা ছিল। যদিও এর আগেই লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর সভায় আসা নিয়ে সংশয় ব্যক্ত করেন। প্রাক্তন সেনা প্রধান এম এম নাভালনির লেখা বই আজ নিয়ে আসেন তিনি। ঘোষণা করেন, প্রধানমন্ত্রীকে এই বই তিনি নিজের হাতে তুলে দেবেন। প্রধানমন্ত্রী সভায় না আসায় কংগ্রেস সাংসদ তথা রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী মন্তব্য করেন, প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন!
আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি, গতকাল আট বিরোধী সাংসদকে সাসপেন্ড, প্রাক্তন সেনা প্রধানের লেখা বই ইত্যাদি নিয়ে আজ দফায় দফায় সভায় অশান্ত পরিবেশ সৃষ্টি হয়।
বিকেল পাঁচটায় অধিবেশন শুরু হলে ফের বিরোধী দের হৈ হট্টগোল শুরু হয়। এই পরিস্থিতি তে আজকের মত অধিবেশন মুলতবি হয়ে যায়।
আজ বাণিজ্য মন্ত্রী পীযুষ গয়াল সংসদে দাবি করেন, ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তিতে দেশের কৃষি ও দুগ্ধজীবীদের কোন সমস্যা হবে না। বিকশিত ভারতের লক্ষ্যে এই চুক্তি ফলপ্রসূ হবে। উভয় দেশের স্বার্থই এতে রক্ষিত হয়েছে। ২ ফেব্রুয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোনালাপের পর শুল্ক হ্রাস হয়। প্রতিবেশী একাধিক দেশের তুলনায় এই দেশের ক্ষেত্রে শুল্ক অনেক কম আরোপ হয়েছে বলে তাঁর দাবি। যা মানতে নারাজ বিরোধী পক্ষ।

Be the first to comment