তরুণ ইঞ্জিনিয়ারের মর্মান্তিক মৃত্যু, নয়ডার সিইও বরখাস্ত, সিট গঠন করলেন যোগী

Spread the love

রোজদিন ডেস্ক : উত্তরপ্রদেশ সরকার নয়ডায় তরুণ ইঞ্জিনিয়ার যুবরাজ মেহতার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নয়ডা কর্তৃপক্ষর সিইও এম লোকেশ-কে বরখাস্ত করেছে। ২০০৫ এর আইএএস এই আধিকারিককে নয়ডা মেট্রো রেল নিগমের এমডি পদ থেকেও অপসারণ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মৃত্যুর ঘটনায় তদন্তের জন্য তিন সদস্যর সিটও গঠন করেছেন। মীরাটের ডিভিশনাল কমিশনারের নেতৃত্বে গঠিত এই সিটের অন্য দুই সদস্য হলেন মীরাট-এর এডিজি ও পূর্ত দফতরের চিফ ইঞ্জিনিয়ার।
গত ১৬ জানুয়ারি অফিস থেকে বাড়ি ফেরার সময় যুবরাজ মেহতার গাড়ি ত্রিশ ফুট নীচে একটি জল ভর্তি গর্তে পড়ে যায়। তাঁর বাবার কাছে খবর পেয়ে দমকল, স্থানীয় পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে যান, কিন্তু জলে নেমে তাঁকে উদ্ধার করতে গড়িমসি করেন বলে অভিযোগ। তখনও যুবরাজ বেঁচে ছিলেন, তাঁকে বাঁচানোর জন্য কাতর আর্তনাদও সবাই শুনেছেন, কিন্তু কিভাবে উদ্ধার কাজ হবে তার ছক কষতে কষতেই সময় চলে গেছে। একজন ডেলিভারি এজেন্ট মনিন্দর জলে ঝাঁপ দিয়ে যুবরাজকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। তাঁর আক্ষেপ, সময়মত চেষ্টা করলে ওঁকে বাঁচানো যেত। কিন্তু প্রচন্ড ঠান্ডায় উদ্ধারকারী দলের সকলেই জলে নামতে
ইতস্তত করছিলেন।।
শনিবার সকালে তাঁর দেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। যুবরাজের মৃত্যুর বিচার চেয়ে পথে নামেন বহু মানুষ।
সোমবার উত্তরপ্রদেশ সরকার নয়ডা কর্তৃপক্ষর সিইও-কে বরখাস্ত করে। কিভাবে এই মর্মান্তিক ঘটনা হল তার তদন্তর জন্য মুখ্যমন্ত্রী তিন সদস্যর সিট ও গঠন করেছেন।
একটি নির্মীয়মান বহুতলের জন্য এই বিশাল গর্ত খোঁড়া হলেও তার পাশে কোন বেড়া দেওয়া ছিল না। রাতের ঘন কূয়াশায় বুঝতে না পেরে যুবরাজ মেহতার গাড়ি সেখানে পড়ে যায়।। এই ঘটনায় ঠিকাদারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার মানুষ। মাত্র ২৭ বছর বয়েসী সফটওয়্যার ইঞ্জিনিয়ারের এমন মর্মান্তিক মৃত্যু তাঁরা মেনে নিতে পারছেন না। অকাল মৃত যুবরাজের প্রয়াণে সর্বত্র গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*