রোজদিন ডেস্ক : এসআইআর প্রক্রিয়ায় ওবিসি শংসাপত্রের বৈধতা সংক্রান্ত জটিলতা শেষ হল। কলকাতা হাইকোর্টের রায় মেনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এসআইআর-এ কোন কোন ওবিসি শংসাপত্র গ্রাহ্য হবে, তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে। বলা হয়েছে, ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে ইস্যু হওয়া ওবিসি শংসাপত্রগুলি কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী বৈধ দলিল হিসেবে গণ্য হবে এবং এসআইআর প্রক্রিয়ায় এই শংসাপত্রের ভিত্তিতে ভোটারদের দাবি-আপত্তি নিষ্পত্তি করা যাবে। একই সঙ্গে সমস্ত জেলা নির্বাচন আধিকারিক ও ইআরও-দেরও এই নির্দেশ মানতে বলা হয়েছে।
ওবিসি শংসাপত্র নিয়ে আদালতের পর্যবেক্ষণ ছিল, ২০১০ সালের আগে ইস্যু করা ওবিসি শংসাপত্রগুলি ৬৬টি শ্রেণির ক্ষেত্রে বৈধ নয়। সেই কারণে ২০১০ সালের আগে যেসব ওবিসি শংসাপত্র ইস্যু করা হয়েছিল, সেগুলি এসআইআর প্রক্রিয়ায় গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে। আদালতের নির্দেশের পর রাজ্য সরকার নতুন করে পিছিয়ে পড়া শ্রেণির তালিকা নির্ধারণের জন্য সমীক্ষা চালায় এবং বিজ্ঞপ্তি জারি করে। সেই নতুন তালিকার ভিত্তিতেই ২০১০ সালের পর থেকে ইস্যু হওয়া শংসাপত্রগুলিকে আইনগতভাবে বৈধ বলে গণ্য করা হয়েছে। পাশাপাশি ২০২৫ সালের ১৩ ডিসেম্বর নির্বাচন কমিশন এসআইআর ২০২৬-এর জন্য এই নতুন নথিভিত্তিক শংসাপত্র গ্রহণের অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে এসআইআর প্রক্রিয়ায় ওবিসি পরিচয়ের ভিত্তিতে দাবি-আপত্তি জানানো ভোটারদের ক্ষেত্রে আর অনিশ্চয়তা থাকল না।

Be the first to comment