রোজদিন ডেস্ক : আদালতের নির্দেশ মেনে ২০১৬ সালের প্যানেলের ‘দাগি প্রার্থীদের’ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবার দুপুরে কমিশনের ওয়েবসাইটে তাঁদের নাম প্রকাশ করা হয়েছে। তালিকায় ১,৮০৬ জনের নাম রয়েছে। এর আগেই সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা পেশ করেছিল রাজ্য। তার ভিত্তিতেই কালো তালিকাভুক্ত করে আদালত নির্দেশ দিয়েছিল, কোনও মতেই যেন পরবর্তী পরীক্ষায় এঁরা অংশ নিতে না পারেন। কিন্তু একাদশ-দ্বাদশের পরীক্ষার ফলপ্রকাশের পর দেখা যায় অনেক দাগীদের নাম রয়েছে পরীক্ষার্থীর তালিকায়। এমনকি ইন্টারভিউয়ের তালিকাতেও এক দাগীর নাম দেখা যায়। যদিও শিক্ষামন্ত্রী জানান, তাঁকে বিশেষভাবে সক্ষম হিসেবে রাখা হয়েছিল। এরপরই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় বিচারপতি অমৃতা সিংহ নির্দেশ দেন, শুধু নাম নয়, তাদের নাম, ঠিকানা, পিতৃপরিচয়-সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। সেটা মেনেই এই তালিকা প্রকাশ করল কমিশন। এর আগে রাজ্য যে তালিকা প্রকাশ করেছিল, সেখানে শুধু নাম ও রোল নম্বর ছিল। বৃহস্পতিবার যে তালিকা প্রকাশ হল, তাতে আদালতের নির্দেশ অনুযায়ী, নাম, রোল নম্বর, বিষয়, পিতার নাম এবং জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে। তবে এখানে স্কুলের উল্লেখ করা হয়নি। এরই মধ্যে। তালিকা প্রকাশের একটু আগে সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, হাইকোর্টের নির্দেশ মতো এ দিনই দাগীদের তালিকা প্রকাশ করবে এসএসসি। তার পরই প্রকাশিত হয় তালিকা।

Be the first to comment