রোজদিন ডেস্ক : বেলডাঙ্গায় ঝাড়খণ্ডে মৃত যুবক আলাউদ্দিনের বাড়ি প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী যাওয়ার ভূয়সী প্রশংসা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার। শুক্রবার পরিযায়ী শ্রমিক আলাউদ্দিনের দেহ তাঁর বাড়িতে এলে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। অধীর চৌধুরী তাঁর বাড়ি যাওয়া নিয়ে নাম না করে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।
পরে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার এই বিষয়ে প্রশ্নে অধীর চৌধুরীর ঢালাও প্রশংসা করে বলেন, উনি গেছিলেন বলে গোলমাল থেমেছে। উনি গিয়ে খুব ভাল করেছেন।
বেলডাঙ্গার তরুণ পরিযায়ী শ্রমিক আলাউদ্দিনের অকালে অস্বাভাবিক মৃত্যু নিয়ে শুক্রবার দিনভর রাজ্য রাজনীতি তপ্ত ছিল। বেলডাঙ্গায় আলাউদ্দিনের মৃত্যুর প্রতিবাদে বিপুল বিক্ষোভের জেরে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়। এই গোলমালের সময় প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী তাঁর বাড়ি যাওয়ায় পূর্ণ সমর্থন জানান শুভংকর সরকার।
উল্লেখ্য, বিশিষ্ট রাজনীতিবিদ অধীর চৌধুরী তাঁর উত্তরসুরীর সঙ্গে দূরত্ব রেখে চলেন বলে রাজনৈতিক মহল মনে করেন।
তিনি যে অধীর বাবু-সহ সবার সঙ্গে মিলে মিশে কাজ করতে আগ্রহী, শুভংকর সরকারের বক্তব্যে তা স্পষ্ট।

Be the first to comment