রোজদিন ডেস্ক : দেশব্যাপী তোলপাড় তোলা গৌরী লঙ্কেশ হত্যায় অন্যতম অভিযুক্ত মহারাষ্ট্র পুর নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। জালনা পুর নিগমের ১৩ নম্বর ওয়ার্ডে ২৬৬১ ভোট পেয়ে শ্রীকান্ত পানগারকার তাঁর নিকটতম বিজেপি প্রার্থী রাওসাহেব ধোবলেকে পরাজিত করেন। বিজেপি প্রার্থী ২৪৭৭টি ভোট পেয়েছেন। শিবসেনা ছাড়া সব দলই শ্রীকান্ত পানগারকরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল।
২০১৭ সালের ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক গৌরী লঙ্কেশ প্রাণ হারান। ২০১৮ সালে মহারাষ্ট্র সন্ত্রাস বিরোধী স্কোয়াড শ্রীকান্ত পানগারকরকে গ্রেফতার করে। ২০২৪ সালে কর্ণাটক উচ্চ আদালতে তিনি জামিন পান। ওই বছর একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনা দলে তিনি যোগ দিতে যান, কিন্তু ব্যাপক সমালোচনার ফলে তা স্থগিত হয়ে যায়।
জালনা পুর নিগমে তিনি ২০০১ সালে পুর প্রতিনিধি নির্বাচিত হন। তখন অবিভক্ত শিবসেনা ছিল। ২০১১ সালে দলের মনোনয়ন না মেলায় তিনি দক্ষিণপন্থী হিন্দু জনজাগ্রুতি সমিতিতে যোগ দেন।
মহারাষ্ট্র পুর নির্বাচনে বিজেপি এবার ভাল ফল করেছে। কিন্তু গৌরী লঙ্কেশ হত্যায় অভিযুক্তর নির্বাচনে জয় সব পক্ষের নজর কেড়েছে।
জালনা পুরসভার ৬৫টি আসনের মধ্যে বিজেপি ৪১টি আসন লাভ করেছে।

Be the first to comment