রোজদিন ডেস্ক, কলকাতা :- গল্ফগ্রীন থানা এলাকার রাজেন্দ্র প্রসাদ কলোনিতে বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক মহিলার গলা কাটা দেহ। ঘটনাস্থলে গল্ফগ্রীন থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার নাম নাফিশা খাতুন।
বুধবার সন্ধ্যায় গল্ফগ্রিন থানার অন্তর্গত রাজেন্দ্র প্রসাদ কলোনির একটি বাড়ি থেকে উদ্ধার হয় ওই মহিলার রক্তাক্ত দেহ। পুলিশ সূত্রে খবর, ওই মহিলা তাঁর মায়ের সঙ্গে ওই এলাকায় গল্ফগ্রিন থানার কাছেই থাকতেন। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। স্থানীয় একটি ক্যাফেতে কাজ করতেন ওই মহিলা। তাঁর মা-ও একটি দোকানে কাজ করতেন। পুলিশের প্রাথমিক অনুমান, মহিলাকে গলা কেটে খুন করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুর থেকে তরুণীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি ক্যাফেতেও যাননি। ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি মা। পরে খাটের নীচ থেকে রক্ত গড়িয়ে আসতে দেখা যায়। সেখান থেকেই দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গল্ফগ্রিন থানার পুলিশ। সন্ধ্যা ৬টা নাগাদ তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
রাজেন্দ্র প্রসাদ কলোনি এমনিতেই জনবহুল। গল্ফগ্রিন থানা থেকে একেবারে ঢিল ছোঁড়া দূরত্বের এই ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। লালবাজারের হোমিসাইড শাখার তদন্তকারীরাও ঘটনাস্থলে পৌঁছান। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুন করা হয়েছে ওই মহিলাকে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলেও অভিযোগ। তবে কে বা কারা এই কাজ করল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
উল্লেখ্য, এর আগে গত ১৩ ডিসেম্বর, গল্ফগ্রিনে আবর্জনার স্তূপ থেকে মহিলার কাটা মুন্ডু উদ্ধার হয়। ওই ঘটনার মাসখানেক কাটতে না কাটতেই ফের কলকাতায় মহিলা ‘খুনে’ স্বাভাবিকভাবেই জোর চাঞ্চল্য।

Be the first to comment