বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকের ঝাড়খন্ডে অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে তুলকালাম

Spread the love

রোজদিন ডেস্ক : ফের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু।।এবার মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু পড়শি ঝাড়খন্ডে। যা নিয়ে আজ সকাল থেকে তুলকালাম বাধে বেলডাঙ্গায়। এই ঘটনায় স্থানীয় মানুষের ক্ষোভ আছড়ে পড়ে ওই এলাকায়। চলে পথ অবরোধ, টায়ার জ্বালানো, তুমুল বিক্ষোভে আটকে যায় ট্রেনও। সূত্রের খবর, বেলডাঙ্গার আলাউদ্দিনের (৩০) সঙ্গে বুধবারও তাঁর মায়ের কথা হয়। তিনি ওখানে থাকতে স্বস্তি পাচ্ছিলেন না, এখানে চলে আসার ইচ্ছা ছিল।।বৃহস্পতিবার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই খবরে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ তাঁর দেহ ফিরতেই ক্ষোভের আগুন জ্বলে ওঠে। দলে দলে মানুষ পথে নেমে বিক্ষোভে ফেটে পড়েন। বলেন, কেন ভিন রাজ্যে কাজ করতে গিয়ে তাঁদের, বিশেষত মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদেরই খুন হতে হয়? বাংলা বলা, এই রাজ্যে থাকা কি অপরাধ?? হাজার হাজার মানুষের বিক্ষোভ সামাল দিতে বিরাট পুলিশবাহিনী মোতায়েন করা হয়।
পরিবারের অভিযোগ, আলাউদ্দিনকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়। তিনি ঝাড়খন্ডে ফেরিওয়ালার কাজ করতেন। জাতীয় সড়ক অবরোধ হওয়ায় বহু যানবাহন আটকে পড়ে। ট্রেনে পাথর ছোঁড়ার অভিযোগও ওঠে। বহুক্ষণ এই পরিস্থিতি চলার পর তা স্বাভাবিক হয়। তবে মানুষের ক্ষোভ যায় নি। স্থানীয়রা অনেকে পরিযায়ীদের সমস্যায় রাজ্য ও কেন্দ্র উভয় শাসককেই দায়ী করেন।
প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী মৃত যুবকের বাড়ি যান। পরিবারকে সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আলাউদ্দিনের মৃত্যুর ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নিতে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলেন।
বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বিক্ষোভের ঘটনায় রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তোপ দাগেন। তাঁর অভিযোগ, বেলডাঙ্গা পুরোপুরি দুষ্কৃতি, গুন্ডা, মস্তানদের দখলে চলে গেছে। তিনি আজকের বিক্ষোভের নেপথ্যে শাসক দলের মদত আছে বলে অভিযোগ করেন।
অন্যদিকে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী র অভিযোগ, আরএসএস, ভিএইচপি, বজরং দলে অন্য রাজ্যে এখানকার পরিযায়ী শ্রমিকদের অত্যাচার করছে।।
বিক্ষোভকারীরা অনেকেই স্থানীয় সাংসদ, বিধায়কদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন। এলাকায় কাজের অভাবই ভিন রাজ্যে তাঁদের অকাল মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে জানান।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*