রোজদিন ডেস্ক, কলকাতা:- দেশজুড়ে ভারত বন্ধের ডাক দিয়েছে দেশের ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কৃষক ও গ্রামীণ শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চ। ভারত বন্ধের জেরে বুধবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে বন্ধ সমর্থকদের ধস্তাধস্তি ও বচসা হয়। একাধিক জায়গায় ট্রেন ও রাস্তা অবরোধ হয়। কোথাও পুলিশকে লাঠি উঁচিয়ে বনধ সমর্থকদের ছত্রভঙ্গ করতে দেখা যায়।
বনধের সমর্থনে নিউটাউনের গৌরাঙ্গ নগরে সিপিএম পার্টি অফিস থেকে আটো স্ট্যান্ড পর্যন্ত সিপিএমের সমর্থকেরা মিছিল করেন। সেখানে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে তাঁরা বিক্ষোভ দেখান। কলকাতায় লেকটাউনের পাশাপাশি বাঙুরেও অবরোধ করেন আন্দোলনকারীরা। বনধের দাবিতে বাঙুর অ্যাভিনিউ থেকে মিছিল করে গিয়ে দমদমে যশোর রোডে অবরোধও করেন বনধ সমর্থকরা।
ধর্মঘট সফল করতে এ দিন সকাল ছ’টা থেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সরকারি বাস স্ট্যান্ডের সামনে পিকেটিং শুরু করেন বন্ধ সমর্থনকারীরা। রাস্তা অবরোধ বেআইনি বলে পুলিশের তরফ থেকে মাইকিং করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, রাস্তা আটকে বিক্ষোভ দেখানোয় এক আন্দোলনকারীকে টেনে হিঁচড়ে পুলিশ তুলে নিয়ে যায়। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তিও হয়। সকাল থেকেই বালুরঘাটে বেসরকারি বাস চলছে না। সরকারি বাস চললেও তাতে যাত্রী সংখ্যা কম। বালুরঘাটের বিভিন্ন বাজারে পিকেটিং করা হবে বলে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন।
লেকটাউনে যশোর রোড অবরোধ করলে পুলিশের সঙ্গে বাম সমর্থকদের ধস্তাধস্তি ও বচসা বাধে। এ দিকে, যাদবপুরের ৮বি-এর সামনে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করেন। সেই সঙ্গে যাদবপুর স্টেশনেও অবরোধ করেন আন্দোলনকারীরা।

Be the first to comment