ভোররাতে কুলপিতে তৃণমূল নেতার গাড়িতে বিস্ফোরণ, নেপথ্যে কারা, শুরু চাপানউতর

Spread the love

রোজদিন ডেস্ক : শনিবার ভোররাতে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে তৃণমূল নেতার গাড়িতে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ। বিস্ফোরণে উড়ে গিয়েছে গ্যারাজের ছাদ। ঘটনায় রাত থেকে উত্তপ্ত গোটা এলাকা। পুলিশ জায়গাটি ঘিরে রেখেছে। কোথা থেকে এল বিস্ফোরক, জানতে শুরু হয়েছে তদন্ত। ঘটনার পরই এই নিয়ে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। তৃণমূলের দাবি, বিস্ফোরণের নেপথ্যে রয়েছে আইএসএফ। তাঁদের আবার পালটা দাবি, নির্বাচনের জন্য বোমা মজুত করে রেখেছিল তৃণমূল নেতাই। কুলপির ছামনাবুনি গ্রামের বাসিন্দা কুতুবুদ্দিন পাইক স্থানীয় তৃণমূল বুথ সভাপতি। শুক্রবার রাতে কুতুবুদ্দিনের বাড়ির গ্যারাজে রাখা ছিল গাড়ি। মধ্যরাতে আচমকা বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। দেখা যায় গাড়ির কাচ ভাঙা, গ্যারাজের ছাউনি উড়ে গিয়েছে। পুলিশের কাছে কুতুবউদ্দিনের অভিযোগ, আগেও তাঁর বাড়িতে আইএসএফ হামলা চালিয়েছিল। অভিযুক্তদের গ্রেপ্তার করতেই হবে। পুলিশ জানিয়েছে তদন্ত শুরু করা হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। এদিকে আইএসএফের পালটা দাবি, ভোটের আগে এলাকায় বোমা মজুত করছিল তৃণমূল। সেই বোমা ফেটেই এই ঘটনা। এখন ঘটনা চাপা দিতে বিরোধীদের উপর দোষ চাপাচ্ছে তৃণমূল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*