রোজদিন ডেস্ক : বিধানসভা ভোট আসতেই রাজ্যে ফের সক্রিয় ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকাল থেকে রেশন দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন সকাল থেকে মোট ১৫টি জায়গায় তল্লাশি চলছে। এর আগে রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল ইডি। বর্তমানে তিনি জামিনে মুক্ত। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার দায়ের হওয়া একটি দুর্নীতি মামলার তদন্তে নেমেই তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। ওই মামলায় বাংলাদেশে বেআইনি ভাবে গম পাচারের অভিযোগ উঠেছে। তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন একাধিক প্রভাবশালীও ব্যক্তিও।শুক্রবার সকাল থেকে কলকাতা, হাওড়া, হাবড়া, বনগাঁ, মুর্শিদাবাদ-সহ মোট ১৫টি জায়গায় তল্লাশি চলছে। মধ্য কলকাতার পোদ্দার কোর্ট বিল্ডিং, মিন্টো পার্ক এলাকার একাধিক বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হচ্ছে। মূলত একটি ফুড প্রোডাক্ট সংস্থার একই ঠিকানায় থাকা প্রায় চার থেকে পাঁচটি অফিসে তল্লাশি চলছে। তল্লাশিতে কিছু মিলেছে কিনা তা এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। সূত্রের খবর, এই রাজ্যের রেশনে বিলির জন্য বরাদ্দ গম অবৈধ ভাবে বাংলাদেশে পাচার করা হয়েছে। এই ঘটনায় যুক্ত সন্দেহে ইডির নজরে ১২টিরও বেশি রফতানিকারক সংস্থা রয়েছে। উত্তর ২৪ পরগনায় এই সংক্রান্ত একটি এফআইআর দায়ের হয়। যার ভিত্তিতে তদন্ত শুরু করে কেন্দ্রীয় এজেন্সি।

Be the first to comment