রোজদিন ডেস্ক :
বিহারের মুজফফর পুরে রাস্তা খুঁড়তে গিয়ে গ্যাসলাইন ফেটে শিশু সহ অন্তত পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন অন্তত বারো জন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। নিহত ও অসুস্থদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্রের খবর, নর্দমা তৈরির জন্য রাস্তা খোঁড়ার সময় আচমকা মাটির নীচের গ্যাস লাইন ফেটে গ্যাস বেরোতে করে ও আগুন ধরে যায়। পুরো এলাকায় বিশাল ধোঁয়ার কুন্ডলি ছড়িয়ে পড়ে। যে জেসিবি দিয়ে নর্দমা কাটা হচ্ছিল তার চালক সহ পাঁচজন প্রাণ হারান। এর মধ্যে তিন বছরের একটি শিশু ও আছে। খবর পেয়ে দ্রুত পুলিশ, দমকল ঘটনা স্থলে পৌঁছয়। উদ্ধারের কাজ চলে। বিধ্বংসী আগুন, গ্যাসের ধোঁয়ায় বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। কি ভাবে পি এন জির লাইন ফাটল, তা নিয়ে তদন্ত হচ্ছে।
মর্মান্তিক এই দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়েন। সংশ্লিষ্ট প্রধান সড়ক ও গোবরসাহী থেকে সাকরি -সরাইয়া অবধি অবরোধ চলছে বলে প্রকাশ। প্রশাসনের পদস্থ কর্তারা পরিস্থিতির ওপর নজর রাখছেন।

Be the first to comment