রোজদিন ডেস্ক : স্বাস্থ্য ভবনে দীর্ঘক্ষণ বৈঠকেও সমস্যা মিটলো না। ক্ষুব্ধ আশা কর্মীরা তাঁদের কর্মবিরতি জারি রাখবেন। আগামীকাল তাঁরা রাজ্যের সর্বত্র ধিক্কার দিবস পালন করবেন। আগামীতে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তাঁরা।
ন্যুনতম ১৫ হাজার টাকা বেতন, সরকারি কর্মীদের মত ছুটি, সুযোগ সুবিধা-সহ আট দফা দাবিতে গত এক মাস ধরে কর্মবিরতি করছেন আশা কর্মীরা। আজ তাঁরা কলকাতায় জমায়েত করে সরকারকে দাবিপত্র দেওয়ার কর্মসূচি নেন।কিন্তু সরকারের মদতে পুলিশ প্রথম থেকেই তাঁদের বাধা দেয় বলে অভিযোগ।
দিনভর সল্টলেক, ধর্মতলা এলাকা তাঁদের বিক্ষোভ, অবস্থানে উত্তাল হয়ে ওঠে।
সন্ধ্যায় আশা কর্মীদের সংগঠনের নেত্রী ইসমত আরা খাতুন-সহ পাঁচ জন প্রতিনিধি স্বাস্থ্য ভবনে তাঁদের দাবি নিয়ে আলোচনা করতে যান। প্রায় ঘন্টাখানেক বৈঠক চললেও সমস্যার সমাধান হয়নি। বৈঠক থেকে বেরিয়ে ইসমত আরা খাতুন জানান, তাঁদের ভাতা বৃদ্ধি নিয়ে কোন সন্তোষজনক উত্তর পান নি। তবে সরকারি প্রতিনিধি দের সুর নরম ছিল। তাঁদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। আগামীকাল তাঁরা রাজ্যের সর্বত্র ধিক্কার দিবস পালন করবেন। আগামীদিনে নিজেদের দাবির সমর্থনে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে ও হুঁশিয়ারি দেন তিনি।
রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভাট্টাচার্য তাঁদের আন্দোলনকে রাজনৈতিক তকমা দেওয়ার তীব্র প্রতিবাদ করে ইসমত আরা খাতুন বলেন, তাঁরা রাজনৈতিক রঙ দেখে পরিষেবা দেন না। মুখ্যমন্ত্রী তাঁদের বলেছিলেন কেন্দ্র টাকা না দিলেও তাঁরা দেবেন। প্রকল্প চালাতে কোন অসুবিধা হবে না। সেই সব আশ্বাসের কি হল তিনি প্রশ্ন তোলেন।

Be the first to comment