রোজদিন ডেস্ক : একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশের জন্য ২১ জানুয়ারি ছিল এসএসসির ডেডলাইন। সেই ডেডলাইন মেনেই তালিকা প্রকাশ করল কমিশন। এই মেধাতালিকায় বিশেষভাবে নজর রয়েছে চাকরিহারা শিক্ষক, শিক্ষিকারদের উপর। বুধবার সন্ধেয় প্রকাশিত হল এই মেধাতালিকা। তাতে নাম রয়েছে মোট ১৮ হাজার ৯০০ জন প্রার্থীর। যার মধ্যে চাকরি পাবেন ১২ হাজার ৫০০ জন। আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হবে কাউন্সিলিং। তারপর দেওয়া হবে নিয়োগপত্র। এদের মধ্যে ওয়েটিং লিস্টও রয়েছে। বুধবার সন্ধ্যায় এসএসসির ওয়েবসাইটে প্রকাশিত হল তালিকা। এর মধ্যে শূন্যপদ রয়েছে ১২,৪৪৫ টি। কমিশন সূত্রে খবর, ২৭ জানুয়ারি বা তারপর থেকে কাউন্সেলিং শুরু হতে পারে। সেই প্রক্রিয়া শেষ হলেই সাতদিনের মধ্যে সুপারিশপত্র দিতে শুরু করবে এসএসসি। এরপর সেই অনুযায়ী নিয়োগ দেবে পর্ষদ। ইতিমধ্যে ইন্টারভিউ ও নথি যাচাইয়ের প্রক্রিয়া শেষ করেছে এসএসসি। মেধা তালিকা নিয়ে কৌতুহল রয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষক, শিক্ষিকাদের মধ্যে। এই নিয়ে দীর্ঘ আইনি লড়াইও হয়েছে। কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে মেধাতালিকা।

Be the first to comment