রোজদিন ডেস্ক : সরকারি টাকায় মন্দির তৈরি অনৈতিক, অসাংবিধানিক ও। প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য এই কথা জানিয়ে বলেন, সংবিধানের ২৭ নম্বর ধারায় পরিস্কার লেখা আছে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ দিয়ে তা করা যায় না৷ মুখ্যমন্ত্রী একদিকে সংবিধান বিপন্ন বলছেন, আবার নিজেই সংবিধান বিরোধী কাজ করছেন।
অশোক ভট্টাচার্য বলেন, তাঁরা মন্দির তৈরির বিরোধী না, কিন্তু সরকারি ভাবে কখনও তা করা যায় না। মন্দির গড়ে কর্মসংস্থান হয় না। সরকারের কাজ নাগরিকদের পরিষেবা দেওয়া। কিন্তু বর্তমান রাজ্য সরকার স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, পরিকাঠামো ইত্যাদিকে অগ্রাধিকার না দিয়ে মন্দির তৈরিকে গুরুত্ব দিচ্ছেন। এই বিষয়ে কেন্দ্র, রাজ্য দুই সরকারই এক পথের পথিক বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, গত শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিলিগুড়ির কাছে মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস করেন। যা নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে।
সরকার যে নিজের কর্তব্যর বাইরে গিয়ে ধর্মীয় স্থান তৈরি করছে, তা নিয়ে রাজ্যের একাধিক ধর্মগুরুও সমালোচনা করেছেন। যদিও সরকার এই সব আমল দিতে নারাজ।
গত মাসে নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস নিয়েও প্রবল সমালোচনা হয়েছে। নিউ টাউন, মাটিগাড়ায় এই সব জমিতে শিল্প হওয়ার কথা ছিল বলে সিপিএমের দাবি। তা না করে সরকার মন্দির তৈরির প্রকল্প করায় ক্ষুব্ধ তাঁরা।
প্রাক্তন পুরমন্ত্রী আরও বলেন, উত্তরবঙ্গের মানুষ কর্মসংস্থান, শিল্প কারখানা চান, যে জমিতে মহাকাল মন্দিরের শিলান্যাস হল, সেখানে তথ্য প্রযুক্তি পার্ক হওয়ার কথা ছিল। এই সব নিয়ে আক্ষেপ করেন।

Be the first to comment