রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মালদায় দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন। চলতি বছর দুই ভোটমুখি রাজ্য পশ্চিমবঙ্গ ও অসমকে জুড়বে এই দ্রুতগামী অত্যাধুনিক ট্রেন। এই ট্রেন উদ্বোধন করে দৃশ্যত খুশি প্রধানমন্ত্রী বলেন, মা কালি আর মা কামাখ্যাকে জুড়ে দিল এই ট্রেন, যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি, দেশের মানুষের শ্রম।দেশের প্রথম এই স্লিপার ট্রেন আগামী দিনে আরও প্রসারিত হবে।
অত্যন্ত দৃশ্য নন্দন, অত্যাধুনিক এই ট্রেন দেখে দৃশ্যত আপ্লুত প্রধানমন্ত্রী নিজেও। বলেন, আগে ছবিতে বিদেশের ট্রেন দেখে বিস্ময় হোত।
মনে হোত এমন ট্রেন যদি এই দেশেও হোত!! এখন সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। এখন বিদেশিরাই এখানকার ট্রেনের ছবি, ভিডিও পোস্ট করছে বলে তিনি জানান।
কঠোর নিরাপত্তায় আজ মালদা টাউন স্টেশন থেকে এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অসমগামী এই ট্রেনের উদ্বোধনের পর তিনি ভিতরে গিয়ে যাত্রীদের সঙ্গে কথাও বলেন। খোদ প্রধানমন্ত্রীকে পাশে পেয়ে আপ্লুত যাত্রীরাও। দেশের প্রথম এই স্লিপার ট্রেন যে এই রাজ্যকেই দেওয়া হোল সেকথা তিনি পরের কর্মসূচিগুলিতেও খুশির সঙ্গে উল্লেখ করেন।
তাঁর মালদা সফর ঘিরে এলাকায় উচ্ছাস, উদ্দীপনা ছিল নজর কাড়ার মত। যা দেখে উল্লসিত রাজ্য বিজেপি নেতারাও।
মালদায় আজ একাধিক কর্মসূচির পর আগামীকাল প্রধানমন্ত্রী হুগলির সিঙ্গুরে জনসভা করবেন।
সেই সিঙ্গুর, যা রাজ্যে পরিবর্তনের সরকারের ক্ষমতাসীন হওয়ার অন্যতম মাইলফলক।

Be the first to comment