রোজদিন ডেস্ক : বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করলেন ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকম্যান।বৃহস্পতিবার সংসদে তিনি এই সব নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করে বলেন, ওখানে হিন্দুদের রাস্তায় হত্যা করা হচ্ছে, বাড়িঘর, মন্দিরে আগুন দেওয়া হচ্ছে, অন্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপরও এই ধরনের আক্রমণ হচ্ছে। বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লিগের অংশ নিতে না পারার বিষয়ে ও তিনি উদ্বেগ জানিয়ে বলেন, এই দলকে নিষিদ্ধ করা হয়েছে, যদিও তাদের পক্ষে ৩০%, জনমত সমর্থন আছে। ইসলামি উগ্রপন্থীরা যে গণভোটের আহবান জানিয়েছে, তা বাংলাদেশের সংবিধানকে বরাবরের জন্য বদলে দিতে পারে।
বাংলাদেশের সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ হবে কিনা, ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত হবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন বব ব্ল্যাকম্যান। এই সব নিয়ে ব্রিটিশ বিদেশমন্ত্রী কিছু বিবৃতি দেবেন কিনা তিনি জানতে চান।
জবাবে ব্রিটিশ সংসদের নেতা অ্যালান ক্যাম্পবেল বলেন, তাঁরা বাংলাদেশের মানবিক পরিস্থিতি নিয়ে অবগত আছেন, নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে অন্তবর্তী সরকারকে সমর্থন দিচ্ছেন। মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় তাঁরা অঙ্গীকারবদ্ধ বলেও জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে উদ্বেগ দেখা দিয়েছে। সাবেক শাসক দল আওয়ামী লিগ এতে অংশ নিতে পারবে না, এই নিয়েও চিন্তিত তারা।
সূত্রের খবর, এই দলের বহু সমর্থক নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই দেশের সার্বিক পরিস্থিতি এখন ও স্বাভাবিক না হওয়ায় উদ্বিগ্ন ভারতও।

Be the first to comment