রোজদিন ডেস্ক : বারাসতের বেসরকারি হাসপাতালে ভর্তি দুই নার্স কি আগেই ওখানে নিপায় আক্রান্ত হয়েছিলেন? এই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। সূত্রের খবর, এই দুই নার্স যেখানে কাজ করেন ও অসুস্থ হয়ে ভর্তি আছেন, গত মাসে প্রায় একই উপসর্গ সহ এক মহিলা ওখানে ছিলেন। গত ২২ ডিসেম্বর বছর পঞ্চান্ন বয়েসের ওই মহিলা শেষ নিশ্বাস ফেলেন। জ্বর, সর্দি কাশি, বমি ভাব নিয়ে তিনি ভর্তি হলেও তখন নিপা ভাইরাসের কথা ওঠেনি। রাজ্যে নিপা ভাইরাসের প্রেক্ষিতে কেন্দ্রীয় দল আসার পর এই নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতর ও কেন্দ্রীয় সরকারের এই প্রতিনিধিরা মৃত মহিলার বাড়ি গিয়ে খোঁজ খবর নিয়েছেন বলে প্রকাশ। জানা যায়, গত ১৯ ডিসেম্বর কাজিপাড়ার বাসিন্দা ওই মহিলার জ্বর হয়। সঙ্গে সর্দি কাশি, বমি ভাবও ছিল। একদিন অচৈতন্য হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ভেন্টিলেশনে ছিলেন। ২২ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। কিন্তু লালারস, রক্তের নমুনা সংগ্রহের আগেই তিনি মারা যান।
প্রশ্ন উঠেছে, নিপায় আক্রান্ত ওই দুই নার্স কি কোনভাবে তাঁর সংস্পর্শে এসেছিলেন?? এই নিয়ে বিশদ খোঁজ খবর নেওয়া হচ্ছে। কি ভাবে তাঁদের এই সংক্রমণ হোল তা নিয়ে চিন্তিত স্বাস্থ্য দফতর। আর মৃত মহিলা ও এই রোগে আক্রান্ত ছিলেন কিনা তাও পরিস্কার নয়।
সঙ্কটজনক ভাবে ভর্তি হওয়া দুই নার্সের একজনকে ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে বলে জানা যায়। অন্যজন ভেন্টিলেশনে থাকলেও নতুন করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়নি। চিকিৎসকরা তাঁদের সুস্থ করতে আপ্রাণ চেষ্টা করছেন। লাগাতার পর্যবেক্ষণও চলছে।

Be the first to comment