রোজদিন ডেস্ক : বাংলার এসআইআর নিয়ে আরও কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই রাজ্য প্রশাসন এবং পুলিশকর্তাদের চিঠি দিল কমিশন। চিঠিতে গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশগুলি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বুধবার রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং নগরপাল মনোজ ভর্মাকে এই সংক্রান্ত চিঠি পাঠাল নির্বাচন কমিশন। কমিশন চিঠিতে লিখেছে, সাধারণ মানুষের সুবিধার্থে প্রতিটি গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস, মহকুমা স্তরের সরকারি অফিস, শহরের ক্ষেত্রে ওয়ার্ডে আয়োজন করতে হবে শুনানি। এর জন্য বাংলায় কমিশনের সিইওকে পর্যাপ্ত কর্মী দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের। যাতে তাঁরা পঞ্চায়েত অথবা ওয়ার্ডের শুনানি কেন্দ্রে গিয়ে কমিশনের কর্মীদের সহযোগিতা করতে পারে। এসআইআর পর্বে জেলাশাসক ও পুলিশ সুপারদের বিশেষ দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ স্মরণ করিয়ে কমিশন লিখেছে, প্রতিটি শুনানি কেন্দ্রে পর্যাপ্ত কর্মী ও নিরাপত্তা বাহিনী মোতায়েনের দায়িত্ব জেলাশাসক ও পুলিশ সুপারদের। পাশাপাশি, আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের ডিজি, নগরপাল এবং জেলাশাসকদের বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছে কমিশন।

Be the first to comment