পুণ্যস্নান সারলেন ১ কোটি ৩০ লক্ষ ভক্ত, অতীতের সব রেকর্ড ভাঙল ছাব্বিশের গঙ্গাসাগর মেলা

Spread the love

রোজদিন ডেস্ক : অতীতের সব রেকর্ড ভাঙল গঙ্গাসাগর মেলা। গড়ল নয়া নজির। সরকারি তথ্য বলছে, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রায় ১ কোটি ৩০ লক্ষ পুণ্যার্থী স্নান সেরেছেন এ বছর সঙ্গমে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মকর সংক্রান্তিকে কেন্দ্র করে প্রতি বছর সঙ্গমে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ঢল নামে। এবারেও ব্যতিক্রম হয়নি। বিশেষ করে রাজ্য প্রশাসনের সুব্যবস্থায় এবছর ভক্ত সমাগম বেড়েছে কয়েক গুণ। কনকনে শীত ও ঘন কুয়াশাকে উপেক্ষা করেই পুণ্যস্নানে অংশ নিয়েছেন দেশ-বিদেশ থেকে আসা ভক্তরা। শেষদিন মেলা প্রাঙ্গণে উপস্থিত থেকে সব কিছু সামলালেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, বঙ্কিমচন্দ্র হাজরা, পুলক রায়, সুজিত বোস, স্নেহাশিস চক্রবর্তী, দিলীপ মন্ডল, বেচারাম মান্না, সাংসদ বাপি হালদার, সহ পুলিশ আধিকারিক ও সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। অরূপ বিশ্বাস বলেন, এ বছর গঙ্গাসাগর মেলায় রেকর্ড ১ কোটি ৩০ লক্ষ পুণ্যার্থী স্নান সেরেছেন। মেলার স্মৃতি ধরে রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত ১৫টি ‘বন্ধন বুথ’ থেকে ১১ লক্ষ মানুষ ই-পরিচয়পত্র সংগ্রহ করেছেন। মেলার নিরাপত্তা ও ব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো। মেলায় হারিয়ে যাওয়া ৬৬৩২ জন পুণ্যার্থীর মধ্যে ৬৬২৭ জনকে তাঁদের পরিজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ছিনতাই ও পকেটমারির ৪৫৬টি অভিযোগের মধ্যে ৪৩৮টি ক্ষেত্রে খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। অপরাধে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত মোট ৮৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অসুস্থ পুণ্যার্থীদের চিকিৎসায় বিশেষ তৎপরতা দেখিয়েছে প্রশাসন। মেলা চলাকালীন ৫ জন গুরুতর অসুস্থ ব্যক্তিকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। তবে দুঃখজনকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। মেলা শেষে অধিকাংশ পুণ্যার্থীই এখন বাড়ির পথে। সামগ্রিকভাবে এবারের মেলা নির্বিঘ্নে শেষ হওয়ায় জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরের কর্মী ও আধিকারিকদের সরকারের তরফে ধন্যবাদ জানান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*