রোজদিন ডেস্ক : আগামীকাল শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। এই সফরে তাঁর বেশ কয়েকটি সরকারি ও দলীয় কর্মসূচি রয়েছে। তার মধ্যে একটি দলীয় কর্মসূচি আছে সিঙ্গুরে। সেখানে জনসভা করার কথা রয়েছে তাঁর। এবার সেই সভা নিয়ে তৈরি হল বিতর্ক। অভিযোগ, যে জায়গায় সভা হচ্ছে, সেই জমির মালিকদের থেকে কোনও আগাম অনুমতি নেননি আয়োজকরা। সভার জন্য জমি মালিকদের সম্মতি ছাড়াই সিঙ্গুরে জমি নিয়েছে বিজেপি। বৃহস্পতিবার এমনই অভিযোগ করেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। এনিয়ে বিডিও-র কাছে অভিযোগও করেছেন তিনি। বেচারাম মান্না জানিয়েছেন, যে জমিতে সভা হবে সেটা পুরোটাই কৃষিজমি। তাই সেই জমি নেওয়ার জন্য জমির মালিকদের অনুমতির প্রয়োজন। বিজেপি সেই নিয়ম মানেনি। তাই গোপালনগর মৌজার ওই জমির মালিকরা বিডিও ও পুলিশের কাছে অভিযোগ জানিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। অভিযোগপত্রে লেখা হয়েছে, সিঙ্গুরে গণতন্ত্রপ্রিয় মানুষের বসবাস। এখানে অনেক নেতা আসা-যাওয়া করেন কিন্তু দুঃখের বিষয়, প্রধানমন্ত্রী সেই নিয়ম মানছেন না। কৃষকরা জানিয়েছেন, তাঁদের জমিতে সভা হচ্ছে, অথচ সভা করার জন্য তাঁদের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেনি কেউ। জোর করে ছাউনি তৈরি করা হচ্ছে। এটা বেআইনি কাজ, এসব তাঁরা বরদাস্ত করতে পারছেন না। তবে অভিযোগ পাওয়ার পর প্রশাসনিকস্তরে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি।

Be the first to comment