রোজদিন ডেস্ক : তৃণমূল নেতা তথা প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় পুলিশ জিজ্ঞাসাবাদের হাত থেকে রেহাই পাচ্ছেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মালদার চাঁচল থানার নোটিশের প্রেক্ষিতে তাঁকে পুলিশি জিজ্ঞাবাদের মুখোমুখি হতেই হবে বলে স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। অভিযোগ, কিছুদিন আগে মালদহ সফরে গিয়ে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে প্রসূনবাবুকে আক্রমণ করেন। তাঁকে দুর্নীতিগ্রস্ত বলার পাশাপাশি প্রকাশ্যে একাধিক কটাক্ষ ও বিতর্কিত মন্তব্য করেন। প্রসূন শুভেন্দুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। প্রসূনের অভিযোগের ভিত্তিতে চাঁচল থানায় শুভেন্দুর বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়। তদন্তের স্বার্থে তাঁকে ৭ দিনের মধ্যে থানায় হাজির হয়ে জিজ্ঞাসাবাদে সহযোগিতা করার নির্দেশ দিয়ে নোটিস পাঠানো হয়। সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন শুভেন্দু অধিকারী। সেই মামলার শুনানিতে আদালত এবার জানিয়ে দিল, পুলিশ শুভেন্দুকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না। প্রয়োজন হলে অনলাইনে বা ভার্চুয়াল মাধ্যমে জেরা করতে পারে। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এই নির্দেশে আপাতত আংশিক স্বস্তি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা। তবে আদালতের নির্দেশ অনুযায়ী কবে, কখন তাঁকে ভার্চুয়াল শুনানিতে ডাকা হবে তা জানা যায়নি।

Be the first to comment