রোজদিন ডেস্ক : আর শুনানিতে এসে নথি জমা দেওয়ার দরকার নেই। নিজের মোবাইলে বাড়িতে বসেই শুনানির ডাক পাওয়া ভোটার এবার নিজেই শুনানির নথি আপলোড করতে পারবেন কমিশনের পোর্টালে। এমনই ঘোষণা করল নির্বাচন কমিশন। শুধু তাই নয়, নথি আপলোড করার পর প্রাপ্তি স্বীকার বা অ্যাকনলেজমেন্ট কপিও সেখান থেকে পেয়ে যাবেন ভোটাররা। তবে শর্ত একটাই, যাঁদের এপিক কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করা আছে, কেবল তাঁরাই এই পরিষেবা পাবেন। এর জন্য প্রথমে ওই ভোটারকে eci.gov.voters.in ওয়েবসাইটে যেতে হবে। সেখানে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে ভোটার্স সার্ভিস পোর্টালে লগ ইন করতে হবে। সেখানে আছে এসআইআর সংক্রান্ত ট্যাব। তার নীচেই নথি আপলোড করার অপশন দেওয়া রয়েছে। ‘সাবমিট ডকুমেন্ট এগেইনস্ট নোটিস ইস্যুড’ অপশনে ক্লিক করলেই ভোটারের এপিক নম্বর অথবা তাঁকে যে শুনানির নোটিস ইস্যু করা হয়েছে সেটির রেফারেন্স নম্বর বসাতে হবে। এরপর প্রয়োজনীয় নথি আপলোড করা যাবে। এখানে কেবল কমিশন নির্ধারিত ১৩টি নথিই গ্রাহ্য হবে, অন্য কোনও নথি নয়। আপলোড পর্ব মিটলে অ্যাকনলেজমেন্ট নম্বরও মিলবে। এপিকের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত না থাকলে ৮ নং ফর্ম ফিলআপ করে তা করিয়ে নেওয়া যাবে।

Be the first to comment