প্রতিবেদন: উচ্চ প্রাথমিকে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ নিয়ে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। শিক্ষা দফতরের গড়িমসিতে এখনও ঝুলে রয়েছে উচ্চ প্রাথমিকের ১২৪১ জন প্রার্থীর নিয়োগ। অভিযোগ, হাইকোর্ট বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও কমিশনের সেক্রেটারি এখনও সেই নির্দেশ পালন করেননি। এই নিয়ে সোমবার তীব্র অসন্তোষ প্রকাশ করে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ, সেক্রেটারি কি আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন? তাঁর সময় নেই, তিনি ব্যস্ত মানুষ বলে আমরা তাঁকে ভার্চুয়ালি হাজির হয়ে আদালতের নির্দেশ কার্যকর করতে অনুরোধ করলাম, তা সত্ত্বেও তিনি বছরের পর বছর ঘোরাচ্ছেন। তিনি কী ভাবছেন? দু’বছরের বেশি সময় ধরে এতগুলো ছেলেমেয়ে শুধুমাত্র আদালতের নির্দেশ কার্যকর না করার কারণে ভবঘুরের মতো ঘুরছেন। কবে এই নির্দেশ পালন করবেন? না হলে আদালত অন্য পদক্ষেপ করতে বাধ্য হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতের কাছে আর্জি জানান, অন্তত ১৫ দিন সময় দেওয়া হোক। এই সমস্যার সমাধানের চেষ্টা আমি করব আশ্বাস দিচ্ছি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আগামী ৮ জুলাই ফের শুনানি হবে বলে জানান।

Be the first to comment