রোজদিন ডেস্ক : গতকালই নিজের নোবেল শান্তি পুরস্কার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছেন তিনি। এবার জানিয়ে দিয়েছেন উপযুক্ত সময় এলে দেশকে নেতৃত্ব দিতেও তিনি তৈরি।
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর আশা, একদিন তিনি দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, দেশকে উন্নত ও সমৃদ্ধ করবেন।
দীর্ঘদিন অন্তরালে থাকার পর সম্প্রতি প্রকাশ্যে এসেছেন মাচাদো। গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোকে সস্ত্রীক তুলে আনেন মার্কিন রাষ্ট্রপতি। তখন বিরোধী নেত্রী মাচাদোকে নিয়ে তাঁর বক্তব্য ছিল, দেশে পর্যাপ্ত জনসমর্থন ওঁর নেই। ভেনেজুয়েলার শীর্ষ আদালতের রায় মেনে উপ রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেস এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাচ্ছেন। এক সময়ের বিপ্লবী নেত্রী সম্পর্কে মার্কিন রাষ্ট্রপতিও এখন অবধি সহনশীল ভূমিকা নিয়েছেন। গতকাল ট্রাম্পের পাঠানো সিআইএ-র দুই প্রতিনিধির সঙ্গে দীর্ঘ বৈঠক ও করেন ডেলসি। উভয় পক্ষে আস্থা, যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এই বৈঠক হয়।
বিশ বছর আগে ইরাকে মার্কিন অভিযানের পরবর্তী সময়ের অভিজ্ঞতার নিরিখে ট্রাম্প এখনই মাচাদোকে ভেনেজুয়েলার প্রধান পদে বসাতে আগ্রহী নয় বলে জানা গেছে। ইরাকে তদানীন্তন সেনা, পুলিশ সবাইকে বরখাস্তর পর তাঁরাই জঙ্গি হয়ে যান বলে আমেরিকার ধারণা। ইরাকে সৃষ্ট জঙ্গি গোষ্ঠী আই এস ক্রমেই বিশ্ব ত্রাস হয়ে উঠেছে। ভারত সহ বিভিন্ন দেশে তাদের কার্যকলাপে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহলও।
এই সব কথা মাথায় রেখে এখনই ভেনেজুয়েলায় বিরোধী নেত্রী মাচাদো ও তাঁর দলকে আমেরিকা ক্ষমতায় আনতে চায় না বলে অভিজ্ঞ মহল মনে করেন।
মাচাদোর আশা, একদিন ভেনেজুয়েলার মানুষই তাঁকে ক্ষমতায় আনবে, তিনি সেই অপেক্ষায় আছেন।

Be the first to comment