নিপা ভাইরাসের মোকাবিলায় তিন দফা দাওয়াই স্বাস্থ্য দফতরের

Spread the love

প্রতিবেদন : নিপা ভাইরাস মোকাবিলায় ও আতঙ্ক দূর করতে আসরে নামল রাজ্যের স্বাস্থ্য দফতর। নিপার সংক্রমণ রুখতে ও চিকিৎসার জন্য গাইডলাইন প্রকাশ করল স্বাস্থ্য দফতর। গাইডলাইনে জানানো হয়েছে, নিপায় আক্রান্ত বা উপসর্গযুক্ত রোগীর সংস্পর্শে আসা প্রত্যেক ব্যক্তিকে ২১ দিনের বাধ্যতামূলক ভাবে বাড়িতে নিভৃতবাস বা কোয়ারেন্টাইনে থাকতে হবে। ওই ব্যক্তির দিনে দু’বার স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। এই সময়ের মধ্যে কোনও উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা শুরু করতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, নিপা আক্রান্ত বা উপসর্গযুক্ত রোগীর সঙ্গে বদ্ধ জায়গায় অবস্থানকারী ব্যক্তিকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ সংস্পর্শকারী’ হিসেবে চিহ্নিত করতে হবে। যাঁদের আপাতত কোনও উপসর্গ নেই, তাঁদের ক্ষেত্রেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশেষ ধরনের অ্যান্টিভাইরাল ওষুধ সেবনের নির্দেশ দেওয়া হয়েছে। যাঁদের নিপা পজিটিভ ধরা পড়েছে, তাঁদের ক্ষেত্রে ৫দিন অন্তর নমুনা পরীক্ষা করা হবে। এক দিনে দু’বার রিপোর্ট নেগেটিভ এলে তবেই রোগীকে হাসপাতাল থেকে ছাড়া যাবে। ছাড়ার পরবর্তী ৯০ দিন পর্যন্ত রোগীকে পর্যবেক্ষণে রাখতে হবে বাধ্যতামূলক ভাবে। স্বাস্থ্য বিভাগের দাবি, এই গাইডলাইন মেনে চললে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*