রোজদিন ডেস্ক : নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে চার অভিযুক্তের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত বিভাগীয় পদক্ষেপ চূড়ান্ত করেছে রাজ্য প্রশাসন। এই অভিযোগে নির্বাচন কমিশন এবার রাজ্য সরকারের কাছে জরুরি ভিত্তিতে রিপোর্ট তলব করেছে। রাজ্যের মুখ্যসচিবের কাছে কমিশন ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। আগামী শনিবার ২৪ জানুয়ারি বিকেল পাঁচটার মধ্যে চার আধিকারিকের বিরুদ্ধে গৃহীত বিভাগীয় মামলার সম্পূর্ণ নথি কমিশনে জমা দিতে হবে বলে চিঠিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে কমিশন। উল্লেখ্য এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম ও গাফিলতির অভিযোগে বারুইপুর পূর্বের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, এইআরও তথাগত মণ্ডল, ময়না বিধানসভার ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাসের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের সুপারিশ করেছিল কমিশন। সেই অনুযায়ী বিভাগীয় তদন্ত শুরু হলেও, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কমিশনের সঙ্গে বাধ্যতামূলক পরামর্শ করার হয়নি বলে মত কমিশনের। যা নিয়মবিরুদ্ধ বলেই দাবি কমিশনের। এমনকি একজন আধিকারিককে বেকসুর খালাস এবং আরেকজনকে সামান্য শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হলেও, তা কমিশনের অনুমোদন ছাড়াই কার্যকর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এই পরিস্থিতিতে কমিশন রাজ্য প্রশাসনের কাছে জানতে চেয়েছে, কোন দফতর বা আধিকারিক কমিশনের নির্দেশ মানেনি এবং কেন বাধ্যতামূলক পরামর্শের প্রক্রিয়া অনুসরণ করা হয়নি পাশাপাশি ওই চার আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় মামলার চার্জশিট, আত্মপক্ষ সমর্থনের বক্তব্য, তদন্ত রিপোর্ট, চূড়ান্ত আদেশ ও সংশ্লিষ্ট ফাইল নোটিং-সহ সমস্ত নথি অবিলম্বে জমা দিতে বলা হয়েছে।

Be the first to comment