রোজদিন ডেস্ক : বাম শাসিত কেরালায় এবার পালাবদলের লক্ষ্যে ঝাঁপাচ্ছে কংগ্রেস। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী কেরালার কোচিতে দলের মহাপঞ্চায়েতে যোগ দেন। আসন্ন বিধানসভা নির্বাচনে দলের কৌশল নিয়ে সেখানে কথা হবে।
রাহুল গান্ধীর আগমন নিয়ে দলের সমর্থকরা রীতিমত উল্লসিত। কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে বিপুল সংখ্যক কংগ্রেস সমর্থক উপস্থিত ছিলেন। তাঁদের উষ্ণ অভ্যর্থনায় রীতিমত আপ্লুত তিনি।
কোচিতে রাহুল গান্ধী বলেন, সারা দেশেই দেখা যাচ্ছে, মানুষ যাঁরা কিছু বিশ্বাস করেন, কিন্তু বলার তা বলার সাহস পান না। কিন্তু কোন বড় জাতি নীরবতা দিয়ে গঠিত হয়নি।
রাহুল গান্ধী বলেন, মহান জাতি, মহান মানুষ তখনই হয়, যখন তাঁরা নিজেদের বক্তব্য, মতামত প্রকাশ করেন, ও তার জন্য লড়াই করেন। নীরবতার সংস্কৃতি লোভের মধ্যে নিহিত। যতক্ষণ কেউ নিজের প্রয়োজনীয় জিনিস পেয়ে যান, ততক্ষণ তিনি চুপ করে থাকেন।
অন্যরা খুন হলে, হেনস্থা হলেও কিছু বলেন না। তাঁর কথায়, “যতক্ষণ আমি ঠিক আছি, ততক্ষণ সবই ঠিক আছে। এটিই লোভের সংস্কৃতি। ” নাম না করলেও বিজেপি তাঁর নিশানা বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
রাহুল গান্ধী আজ কালামেসারিতে বিখ্যাত সমালোচক, শিক্ষাবিদ এম এল লীলাবতীকে প্রিয়দর্শনী লিটারারি পুরস্কার অর্পণ করেন।
কেরালা প্রদেশ কংগ্রেস কমিটি এই পুরস্কার চালু করেছে।
কোচির মেরিন ড্রাইভে রাহুল গান্ধী দলের লোকাল বডির প্রতিনিধিদের সঙ্গেও দেখা করেন৷
উল্লেখ্য, অতি সম্প্রতি ওই রাজ্যের পুর, পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস শাসক বামফ্রন্টের থেকে ভাল ফল করেছে।
কংগ্রেস সাংসদ কে এল শর্মা জানান, রাহুল গান্ধী দুদিনের রায়বেরিলি সফরে যাচ্ছেন।
সেখানে তিনি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবেন, বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। রায়বেরিলি টি ২০ প্রিমিয়ার লিগের ও উদ্বোধন করবেন। মনরেগা চৌপালে তিনি বক্তব্য রাখবেন।
সূত্রের খবর, মঙ্গলবার তিনি রোহানিয়া,উঁচাহারে বৈঠক করবেন। সফরের দ্বিতীয় দিন তিনি দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

Be the first to comment