রোহিত ভেমুলা মৃত্যুবার্ষিকীতে বৈষম্যর বিরুদ্ধে আহবান রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী দেশে বৈষম্যর বিরুদ্ধে আহবান জানিয়েছেন। শনিবার রোহিত ভেমুলার দশম মৃত্যু বার্ষিকীতে তিনি প্রশ্ন তোলেন, এখনও কি দেশে সবার সমান ভাবে স্বপ্ন দেখার অধিকার আছে?
উল্লেখ্য মেধাবী দলিত পড়ুয়া রোহিত ভেমুলা শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যর শিকার হয়ে দশ বছর আগে আত্মঘাতী হন। তাঁর এই অকালে চলে যাওয়া নিয়ে দেশব্যাপী তোলপাড় ওঠে।
শনিবার তাঁর মৃত্যুদিনে সমাজ মাধ্যমে রাহুল গান্ধী আরও বলেন, রোহিত ভেমুলা পড়তে, লিখতে চেয়েছিলেন। তিনি বিজ্ঞান, সমাজ ও মানবতাকে বুঝতে চেয়ে এই দেশকে ভাল করতে চেয়েছিলেন। কিন্তু এই সমাজ ব্যবস্থা একজন দলিত পড়ুয়ার উন্নতি সহ্য করতে পারেনি। এখনও জাতপাত, অস্পৃশ্যতা রয়েই গেছে বলে তিনি আক্ষেপ করেন।
ব্যবস্থায় যে বৈষম্যর কথা রোহিত ভেমুলা বলে গেছিলেন, তা তুলে ধরেন রাহুল গান্ধী। বলেন, এখন ও কি দলিত তরুণদের ক্ষেত্রে কিছু বদল হয়েছে? এখন ও সেই ঘৃণা, হোস্টেলে পৃথক করে দেওয়া, ক্লাসরুমে হীনমন্যতা, একই হিংসা, এবং কখনও একই ভাবে মৃত্যুও, কারণ জাতিভেদ এখনও দেশে বর্তমান।
রোহিত ভেমুলার বিয়োগান্ত পরিণতির প্রেক্ষিতে রাহুল গান্ধী তাঁর নামাঙ্কিত বিধি করার প্রস্তাব তোলেন, বলেন, এটি নিছক কোন ধ্বনি নয়, এটি প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানে জাতি ভিত্তিক বৈষম্য অপরাধ। এর জন্য কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। দলিত যুব সমাজের প্রতি তিনি আওয়াজ তোলা, সঙ্ঘবদ্ধ হওয়া, একে অপরের পাশে দাঁড়ানোর আহবান জানান। অবিলম্বে রোহিত ভেমুলা বিধি প্রণয়নের দাবি জানান। আবেগের সঙ্গে বলেন, “আমরা দেশে সাম্য, মানবিকতা চাই। যেখানে কোন দলিত পড়ুয়াকে তাঁর স্বপ্নের জন্য জীবন না দিতে হয়। রোহিত, তোমার লড়াই আমাদের দায়িত্ব।” বলে তিনি মন্তব্য করেন।
সূত্রের খবর কংগ্রেস শাসিত কর্ণাটক, তেলেঙ্গানা যত শীঘ্র সম্ভব এই সংক্রান্ত বিধি আনতে চলেছে।
উল্লেখ্য, একাধিক রাজ্য, বিশেষত বিজেপি শাসিত রাজ্যে দলিতদের প্রতি বৈষম্য, অত্যাচারের অভিযোগ নিয়ে বিরোধীরা প্রায়শই সরব হন।
রোহিত ভেমুলার মৃত্যু দিবসে রাহুল গান্ধীর এই আবেগঘন দীর্ঘ পোস্ট বিশেষ মাত্রা এনে দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*