রোজদিন ডেস্ক : উত্তরপ্রদেশের সাহারানপুরে আজ সকালে এক পরিবারের পাঁচ জনের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য দেখা দেয়। পুলিশের অনুমান, গৃহকর্তা অশোক রাঠি (৪০) তাঁর মা, স্ত্রী, দুই সন্তানকে হত্যা করে আত্মঘাতী হয়েছেন।
পুলিশ সূত্রে প্রকাশ, আজ কাকভোরে পেশায় জমি সার্ভেয়ার অশোক রাঠি এক আত্মীয়কে স্বর বার্তা (ভয়েস মেসেজ), পাঠান। বলেন, তিনি খুব বড় ভুল করেছেন, এবার কি যে করবেন??
সকালে এক আত্মীয় এসে তাঁদের বাড়ি অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করে। অশোকের মা বিদ্যাবতী (৭০), স্ত্রী অঞ্জিতা, দুই সন্তান কার্তিক (১৬) ও দেবের (১৪) মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির দেহের পাশে তিনটি গুলি ভর্তি পিস্তল মিলেছে। একই ঘরে সবার দেহ ছিল। হাড়হিম করা এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য, উত্তেজনা দেখা দেয়। মৃত গৃহকর্তা অবসাদে ভুগছিলেন বলে মনে করা হচ্ছে। মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠিয়ে পুলিশ বাড়িটি সিল করে দেয়। এর নেপথ্যে কি কারণ তা তদন্ত করছে পুলিশ।

Be the first to comment