শরৎচন্দ্রের প্রয়াণদিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, তুলে ধরলেন তাঁর স্মৃতি রক্ষার্থে রাজ্য সরকারের কর্মকাণ্ড

Spread the love

রোজদিন ডেস্ক : আজ শুক্রবার, ১৬ জানুয়ারি। বাংলার ভাষার অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণদিবস। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তাঁর উদ্দেশে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তাঁর সাহিত্যকর্মকে স্মরণ করে মহান কথা সাহিত্যিকের স্মৃতি রক্ষার্থে রাজ্য সরকার কী কী উদ্যোগ নিয়েছে তার খতিয়ানও তুলে ধরেন। মুখ্যমন্ত্রী লেখেন,
“বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধা।
বাঙালি জীবনের অন্তহীন মায়া, সুখ-দুঃখ আর সামাজিক বাস্তবতাকে তিনি যেভাবে পরম মমতায় তাঁর লেখনীতে ফুটিয়ে তুলেছেন, তা বিশ্বসাহিত্যে এক অনন্য নিদর্শন। ‘শ্রীকান্ত’, ‘পল্লীসমাজ’, ‘পথের দাবী’, ‘দেবদাস’- এর মতো তাঁর অজস্র কালজয়ী সৃষ্টি আজও আমাদের হৃদয়ে অম্লান।
আমরা চাই, আগামী প্রজন্ম এই প্রবাদপ্রতিম মানুষটির জীবন ও সৃষ্টি সম্পর্কে আরও নিবিড়ভাবে জানতে পারুক। তাই আমাদের সরকার এই মহান শিল্পীর স্মৃতিধন্য স্থানগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণে এগিয়ে এসেছে। হাওড়ায় রূপনারায়ণের তীরে দেউলটি-সামতাবেড়ে-পানিত্রাসে তাঁর ‘হেরিটেজ’ বাড়িটিকে আমরা সাজিয়ে দিয়েছি। নিত্যদিন অসংখ্য মানুষ তা দেখতে যান। পর্যটকদের সুবিধার জন্য রাস্তা, আলো, পানীয় জলের ব্যবস্থা সহ সবকিছু করে দেওয়া হয়েছে। ওখানে একটি ‘শরৎ স্মৃতি উদ্যান ও ইনফর্মেশন সেন্টার’-ও করা হচ্ছে। এছাড়া হুগলির দেবানন্দপুরে তাঁর জন্মভিটে সংস্কারের কাজও শুরু হয়েছে। কাজ সম্পূর্ণ হলে দেবানন্দপুরও পর্যটকদের প্রিয় জায়গা হয়ে উঠবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*