মেসি কাণ্ডে ৩৭ দিন পর অন্তবর্তী জামিন শতদ্রু দত্তর

Spread the love

রোজদিন ডেস্ক : গত ১৩ ডিসেম্বর বিশ্ববিখ্যাত ফুটবলার লিওনেল মেসি-র কলকাতা আগমনে যুবভারতী ক্রীড়াঙ্গনের তান্ডবের প্রেক্ষিতে গ্রেফতার হয়েছিলেন এই অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত। আজ বিধাননগর আদালত তাঁকে অন্তবর্তী জামিন দিল। ১০ হাজার টাকা বন্ডের বিনিময়ে তিনি এই জামিন পেয়েছেন।
আজ তাঁর আইনজীবী আদালতে বলেন, শতদ্রু দত্ত-কে কারাগারে গিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই দিনের ঘটনায় অন্যরা যখন জামিন পেয়েছেন, তখন তিনি কেন পাবেন না? এই মামলার অগ্রগতিও তেমন কিছু নেই, তাঁকে জামিন দেওয়ার জন্য তিনি আর্জি জানান। বিচারপতি তা মঞ্জুর করেন।
যদিও সরকারি আইনজীবী এর বিরোধিতা করে বলেন, সাক্ষীদের ভয় দেখানো হচ্ছে।
উল্লেখ্য, বিশ্বখ্যাত ফুটবলের যাদুকর মেসি-কে দেখতে চড়া দামে টিকিট কেটে যুবভারতী ক্রীড়াঙ্গনে কয়েক হাজার দর্শক এসেছিলেন। এই রাজ্যের বাইরে থেকেও আসেন অনেকে। মেসি মাঠে এলেও তাঁকে দেখার আশা পূর্ণ হয়নি দর্শকদের। ভিআইপি পরিবৃত মেসি-কে না দেখতে পেয়ে ক্ষুব্ধ দর্শকদের একাংশ মাঠে দেদার জলের বোতল ছোঁড়েন। এই সব ঘটনায় হতচকিত মেসি-র দেহরক্ষীরা তাঁকে নিয়ে চলে যান। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ মেসিকে আনার আয়োজক শতদ্রু দত্ত-কে ওই দিনই গ্রেফতার করেন। আজ তাঁর অন্তবর্তী জামিন হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*