রোজদিন ডেস্ক : কলকাতার অভিজাত পর্ণশ্রীর বহুতলের ফ্ল্যাটে মহিলা সংগীতশিল্পীর হত্যা নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। আজ সকালে পুলিশ এই খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে যায়। স্থানীয় সূত্রে প্রকাশ, নিহত অনিতা ঘোষ (৬৪) আকাশবাণী, দূরদর্শনে গান করতেন৷ তাঁর স্বামী অরূপ ঘোষ অসুস্থ, পক্ষাঘাতগ্রস্ত। পুত্র বেহালাতেই অন্য ফ্ল্যাটে থাকেন। তিনিই গুরুতর আহত মা-কে হাসপাতালে নিয়ে যান।
এই ঘটনায় অভিযোগের আঙুল প্রাক্তন আয়া সঞ্জু সরকারের দিকে। তাঁকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
ধৃত আয়া আগে অনিতা ঘোষের বাড়ি কাজ করতেন। তাঁর বয়ান অনুযায়ী, আজ সকালে তিনি টাকা চাইতে গেছিলেন। অনিতা টাকা দিতে অস্বীকার করায় তিনি ছুরি দিয়ে তাঁকে এলোপাথারি কোপ মারেন। অনিতা আত্মরক্ষার চেষ্টা করে জ্ঞান হারান। সঞ্জু তখন দ্রুত তাঁর সোনার গয়না খুলে নেন, আলমারি থেকে টাকাও বার করেন। এর মাঝেই প্রতিবেশীরা অনিতার আর্তনাদ, চিৎকার শুনে আসেন, সঞ্জুকে ধরে ফেলেন।পুলিশে খবর দেন। গুরুতর আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
খাস কলকাতায় এই ভয়ংকর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত বছর গড়িয়ার পঞ্চসায়রেও একই ধরনের ঘটনা হয়েছিল। সেখানেও গৃহকর্তা অসুস্থ ছিলেন। তাঁর স্ত্রীকে খুন করে টাকা, গয়না নিয়ে উধাও হয়েছিল নব নিযুক্ত আয়া। ফের একই ধরনের ঘটনায় প্রবীণদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Be the first to comment