এসআইআরের নথি হিসেবে গ্রাহ্য নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রাজ্যের প্রস্তাব খারিজ করে ঘোষণা কমিশনের

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআর প্রক্রিয়ায় নথি যাচাইয়ের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ পরিচয়পত্র হিসেবে গ্রহণ করার রাজ্য সরকারের প্রস্তাব খারিজ করে দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পাঠানো চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, এসআইআরে তথ্য যাচাইয়ের জন্য নির্ধারিত বৈধ নথির তালিকায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই। ফলে এই নথিকে গ্রহণ করার প্রস্তাব অনুমোদন করা যাচ্ছে না। কমিশনের আন্ডার সেক্রেটারি শক্তি শর্মার সই করা চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখে জারি করা এসআইআর সংক্রান্ত নির্দেশিকাতেই কোন কোন নথি পরিচয় ও ঠিকানা যাচাইয়ের জন্য গ্রহণযোগ্য হবে, তার তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই। তাই রাজ্যের প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে মনে করে কমিশন। এসআইআর প্রক্রিয়ায় লক্ষ লক্ষ ভোটারকে নথি জমা দিয়ে পরিচয় যাচাই করতে বলা হচ্ছে। বিশেষ করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেটের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সেই কারণেই রাজ্যের তরফে কমিশনের কাছে অনুরোধ করা হয়েছিল, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে এসআইআর-এ বৈধ নথির তালিকায় অন্তর্ভুক্ত করতে। কিন্তু কমিশন সেই প্রস্তাবে সায় দিল না। কমিশনের এই সিদ্ধান্তে এসআইআর প্রক্রিয়ায় নথি জমা দেওয়া নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ল বলেই মনে করছে প্রশাসনিকমহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*