স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে বয়সের ছাড় নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

Spread the love

রোজদিন ডেস্ক : পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের উপরে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট৷ সোমবার দেশের শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং কে বিনোদ চন্দ্রণের বেঞ্চ জানিয়ে দিয়েছে যোগ্য অথচ ২০১৬ সালের নিয়োগ পরীক্ষায় যাঁরা সুযোগ পাননি, তাঁরা নতুন পরীক্ষায় বসার সময়ে বয়স-সংক্রান্ত ছাড় পাবেন না৷ গত ডিসেম্বরে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, এসএসসি আলাদা করে আনটেন্টেড বা দাগি প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি। ফলে যাঁদের নাম দাগিদের তালিকায় নেই, তাঁরা নিয়োগ প্রক্রিয়ায় ছাড় পাবেন। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, যাঁরা ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাননি, তাঁদেরও বয়সে ছাড় দেওয়া হবে। এখানেই আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের বেঞ্চের পর্যবেক্ষণ, আগে সুপ্রিম কোর্টের তরফে যে রায় দেওয়া হয়েছিল, তাতে বলা হয়েছিল যে যোগ্য প্রার্থীরা চাকরি করছিলেন, কিন্তু প্যানেল বাতিল হওয়ায় চাকরি চলে গিয়েছে, তাঁরা নতুন পরীক্ষার ক্ষেত্রে বয়সের ছাড় পাবেন। কিন্তু যাঁরা যোগ্য অথচ ওই পরীক্ষায় নির্বাচিত হননি, তাঁদের জন্য বয়সের ছাড়ের কথা বলা হয়নি। সেই কারণেই হাইকোর্টের বয়স-সংক্রান্ত ছাড়ের রায়ে স্থগিতদেশ দিল সুপ্রিম কোর্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*